বিনোদন ডেস্ক
৩০ অক্টোবর ২০২৬, ০১:২৯ পিএম
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান বর্তমানে কানাডায় তাঁর আসন্ন নতুন সিনেমা ‘ভায়োলেন্স’-এর শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। দেশটির বিভিন্ন মনোরম লোকেশনে সিনেমাটির দৃশ্যধারণ চলছে। শুটিংয়ের ফাঁকে কাজের নানা মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন এই অভিনেতা।
সম্প্রতি শুটিং সেটের একটি স্থিরচিত্র প্রকাশ্যে আসতে তা নিয়ে নেটপাড়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। ওই ছবিতে চিত্রনায়ক জায়েদের মুখজুড়ে রক্তের মতো লাল দাগ দেখা যায়। মুহূর্তে সামাজিক মাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। যদিও রক্তের রঙ নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।
এদিকে জানা গেছে, সিনেমার একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় অসাবধানতাবশত আঘাত পেয়ে জায়েদ খানের মাথা কেটে যায়। এমনকি শুটিং করতে গিয়ে আঘাত পান অভিনেতা ও পরিচালক কামাল হোসেন বাবর নিজেও, তাঁর হাত কেটে গিয়ে রক্তাক্ত হয়।

সিনেমা প্রসঙ্গে জায়েদ বলেন, ‘ভায়োলেন্স-এ অনেক ফাইট থাকবে, অ্যাকশন লাগবে। কিন্তু এখানে অনেক খরচ করতে হবে। না হলে তো ছবি ছবির মতো হবে না। সিনেমা মানে হচ্ছে বড়পর্দায় ভরপুর ভালো লাগতে হবে। সিনেমার মূল লক্ষ্য হচ্ছে টাকা লগ্নী করা।’
অভিনেতা আশা প্রকাশ করেন, এটি একটি ভালো সিনেমা হবে এবং কানাডাকে তুলে ধরবে। পাশাপাশি কানাডায় যারা আছেন, তাদেরও নৈতিক দায়িত্ব সিনেমাটিকে সহযোগিতা করা।
দীর্ঘ বিরতির পর ‘ভায়োলেন্স’ দিয়ে বড় পর্দায় ফিরছেন জায়েদ। তাঁর বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা শিরিন শিলা।
মোহাম্মদ রহমান ও সাবরিনা চৌধুরীর যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি বাংলাদেশ, কানাডা, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের আরও কয়েকটি দেশের প্রেক্ষাগৃহে একসঙ্গে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
ইএইচ/