Dhaka Mail Logo

বিনোদন

দেড় দশক বয়সী ‘কাঁটা’ সেন্সরে দেবেন টোকন ঠাকুর, তবুও মুক্তি অনিশ্চিত

বিনোদন প্রতিবেদক

২৯ অক্টোবর ২০২৬, ০৫:২০ পিএম

গেল দেড় দশকে হয়তো অসংখ্য কবিতা লিখেছেন কবি টোকন ঠাকুর। কিন্তু একটি সিনেমার শেষ দেখে ছাড়তে পারেননি। অনুদানের প্রায় দেড় দেশকেও আলোয় আনতে পারেননি তার ‘কাঁটা দ্য ফিল্ম’কে। 

২০১২-১৩ সালে অনুদান পেলেও ‘কাঁটা’র শুটিং সম্পন্ন হয় ২০২০ সালে। সে বছরের এপ্রিলে মুক্তি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন ছবিটির পরিচালক টোকন ঠাকুর। কিন্তু এরপর কত এপ্রিল এলো গেল কিন্তু ‘কাঁটা’ আর মুক্তি পেল না। এই পর্যায়ে এসে অনেকে হয়তো আশা-ই ছেড়ে দিয়েছেন সিনেমাটির। কেউ কেউ হয়তো ভুলেই গেছেন। সিনেমাটি প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা মেইলকে টোকন ঠাকুর বলেন, ‘ছবিটি সেন্সরে (সেন্সর সার্টিফিকেশন বোর্ড) জমা দেব। জমা দিতে একটা খরচাপাতি আছে। সেটা অ্যারেঞ্জ করছি।’ জানালেন চলতি বছরই সেন্সর সার্টিফিকেশন বোর্ডে জমা দিতে চাচ্ছেন তিনি।

p-26.-10-1024x683

এর আগে শোনা গিয়েছিল ছবির শুটিং শেষ হলেও পোস্ট প্রোডাকশনের কিছু কাজ বাকি আছে। আবহ সংগীত, সম্পাদনা ইত্যাদি। ঠাকুর জানালেন সেটা এক প্রকার সম্পন্ন। বললেন, ‘ওটা এক প্রকার সম্পন্ন বলা চলে। তবে আমার মনের মতো হয়নি।’ তবে চূড়ান্তভাবে শেষ না বলে ইঙ্গিত পাওয়া গেল তার কথায়। বললেন, ‘এক প্রকার শেষ বলা চলে, কেননা যতক্ষণ না সেন্সরে জমা পড়ছে তার আগ পর্যন্ত চলতেই পারে।’

তবে প্রায় দেড় দশক বয়সী সিনেমাটি সেন্সর সার্টিফিকেশন বোর্ডে জমা দিতে মনস্থির করলেও মুক্তি নিয়ে কবির নেই কোনো নির্দিষ্ট পরিকল্পনা। বরং ভুগছেন সিদ্ধান্তহীনতায়। বললেন, ‘এই মুহূর্তে দেশে যে রাজনৈতিক অর্থনৈতিক অস্থিরতা চলছে তারমধ্যে আর্ট কালচার অনেকটা থমকে আছে। সময় পক্ষে এলেই মুক্তির ব্যাপারে ভাবব।’

p-26.-13

এদিকে সিনেমাটির সংশ্লিষ্ট একটি সূত্র জানাল, ‘কাঁটা’র মুক্তি অনিশ্চত। সূত্রের কথায়, ‘এখনও সম্পাদনা সম্পূর্ণ হয়নি ছবির। তাছারা ১০টির মতো গান রয়েছে। সেগুলোরও কাজ বাকি। আবহ সংগীতও হয়নি। কাজগুলো বন্ধ আছে অর্থনৈতিক কারণে। টোকন ঠাকুর স্পন্সর খুঁজছেন। পেলে বাকি কাজ শেষ করা সম্ভব হবে তার পক্ষে।’ 

কথাশিল্পী শহীদুল জহিরের গল্প ‘কাঁটা’ অবলম্বনে টোকন ঠাকুরের এ সিনেমা। ২২ পৃষ্ঠার সে গল্প থেকে তিনি তৈরি করেন দেড় শ পৃষ্ঠার চিত্রনাটয়। তার ওপরই নির্মাণ কাঁটা দ্য ফিল্ম। এতে অভিনয় করেছেন এস এম মহসিন, অনিমেষ আইচ, সিবু কুমার শীল প্রমুখ।

আরআর