বিনোদন ডেস্ক
২৯ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পিএম
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমে বেশ সরব। সম্প্রতি চিত্রনায়ক জয় চৌধুরীর একটি সাক্ষাৎকারে ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করেছেন তিনি। পোস্টে অনেকটা খোচা দিয়ে ইয়াশ বললেন জয়ের সিনেমাকে অস্কারে পাঠানো উচিত ছিল।
অভিনেতার শেয়ার করা সাক্ষাৎকারে জয়কে বলতে শোনা যায়, ‘আমি ইন্ডাস্ট্রি লিড দিচ্ছি, যেভাবেই হোক দিচ্ছি তো। অনেকে তো ইন্ডাস্ট্রিতে ঢুকতেই পারে না। কে কী করলো, কে কী বললো জয় চৌধুরীর যায় আসে না। ১৮ কোটি মানুষ কে কী করতেছে কে কী বলতেছে এটা দেখার দায়িত্ব আমার না।’
ভিডিওটি শেয়ার করে ইয়াশ লিখেছেন, ‘এবার রইদ এর জায়গায় স্নেহের বন্ধন পাঠানো উচিত ছিল অস্কারে।’
ইয়াশের পোস্টের মন্তব্য ঘরে শবনম ফারিয়া লিখেছেন,‘আত্মবিশ্বাস এবার সব সীমা ছাড়িয়ে গেছে, যাকে বলা যায় জায়েদ খান লেভেল!’
বলে রাখা ভালো, চলতি বছর অস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের ৯৯তম আসরে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম (বিদেশি ভাষা) প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশ থেকে মনোনয়ন পেয়েছে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’।
‘রইদ’ গড়ে উঠেছে সাধু ও তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে নিয়ে। মূল পাত্র-পাত্রী নাজিফা তুষি ও মোস্তাফিজুর নূর ইমরান। সিদ্দিক আহমেদ, মেজবাউর রহমান সুমন, জাহিদ ফারুক ও শুকর্ণ শাহেদ ধিমানের চিত্রনাট্যে নির্মিত হয় ছবিটি।
এদিকে দুর্গাপূজায় মুক্তি পায় জয় অভিনীত ‘স্নেহের বন্ধন’। তবে সিনেমাটি দর্শক টানতে ব্যর্থ হয়। সিনেমার গল্প এগিয়েছে যৌথ পরিবারকে কেন্দ্র করে। যেখানে সময়ের বিবর্তনে ভাই-বোন ও মা-বাবার সম্পর্কে তৈরি হয় দূরত্ব, অহংকার আর ভুল বোঝাবুঝির পাহাড়। কিন্তু জীবনের কোনো এক কঠিন মুহূর্তে সেই অভিমান আর দূরত্ব ভেঙে একে অপরের প্রতি স্নেহের টানই হয়ে ওঠে একমাত্র আশ্রয়।
ইএইচ/