বিনোদন ডেস্ক
২৯ অক্টোবর ২০২৬, ০২:০৫ পিএম
দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক অসুস্থতায় ভুগছেন টেলিভিশন, মঞ্চ ও চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরী। সঠিক চিকিৎসার অভাবে ভবঘুরের মতো দিন কাটছে তাঁর। সম্প্রতি সামাজিক মাধ্যমে অভিনেতার অসুস্থতার বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়ার পর শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। অভিযোগ উঠেছে, তাঁর অসুস্থতাকে পুঁজি করে এক শ্রেণির কনটেন্ট ক্রিয়েটর ভিউ বাড়ানোর প্রতিযোগিতায় নেমেছেন। যা নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।
সম্প্রতি সামাজিক মাধ্যম খুললেই চোখ পড়ে সমুর অস্বাভাবিক আচরণের ভিডিও। একসময়ে গায়ে শোভা পেত দামি পোশাক, এখন অল্প দামের একটি গেঞ্জি ও প্যান্ট পরা অবস্থায় দেখা যায় তাঁকে। চলাফেরাতেও এসেছে পরিবর্তন। কথা বলতে গিয়ে খেই হারিয়ে ফেলেন। কখনও কখনও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তাঁর এসব অসংলগ্ন আচরণের ভিডিওগুলো ছড়িয়ে দিচ্ছে কথিত গণমাধ্যমকর্মী ও কনটেন্ট ক্রিয়েটররা।

গত ১৩ অক্টোবর যশোর শহরের বেজপাড়া নলডাঙ্গা এলাকার নিজ বাড়ির সামনে হামলার শিকার হন এই অভিনেতা। স্থানীয়দের অভিযোগ, বাড়ির সামনে একটি মোটরসাইকেল গ্যারেজের কর্মচারীদের সঙ্গে ময়লা-আবর্জনা ফেলা ও পরিচ্ছন্নতা বজায় রাখা নিয়ে সমু চৌধুরীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে গ্যারেজের কর্মচারী জাহাঙ্গীর ও হৃদয় লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এতে তিনি আহত হন।
হামলার ঘটনার পর সম্প্রতি তাঁর বাড়িতে খোঁজ নিতে গিয়ে জানা যায়, ময়মনসিংহের গফরগাঁওয়ের মাজারে গামছা পরা অবস্থায় ঘুমানোর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকে তাঁর মানসিক অবস্থার ক্রমশ অবনতি শুরু হয়। অভিনেতার মা জয়নব চৌধুরীর কাছে ছেলের ভারসাম্যহীনতা এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। কথা বলার একপর্যায়ে জয়নব চৌধুরী ঢাকা মেইলকে জানান, আর্থিক সীমাবদ্ধতার কারণে ছেলের সঠিক চিকিৎসা করানো অসম্ভব হয়ে পড়েছে। এমনকি গেল সাত-আট মাস ধরে নিজেও ওষুধ খেতে পারছেন না।

সমু চৌধুরীর মা আরও জানান, দোতলা বাড়ির নিচতলায় দুটি দোকান ও একটি পরিবার ভাড়া থাকে। ওপর তলায় বাস করেন সমু চৌধুরী। আরও থাকেন তাঁর ছোট ভাইয়ের স্ত্রী-কন্যা এবং অভিনেতার মা। সমুর ছোট ভাই ঢাকায় একটি প্রতিষ্ঠানে কর্মরত। দোকান ও বাসা ভাড়া থেকে প্রাপ্ত অর্থ এবং ছোট ছেলের বেতনের টাকায় কষ্টে-সৃষ্টে সংসার চলে জয়নব চৌধুরীর। অথচ একসময় সুদিন ছিল। সমু চৌধুরীর অসুস্থতার সঙ্গে সঙ্গে অনটন জেঁকে বসেছে বলে জানালেন অভিনেতার মা।
ঢাকা মেইলে সমুর অসহায়ত্বের সংবাদ প্রকাশের পর তাঁর চিকিৎসায় এগিয়ে এসেছে ছোট পর্দার অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ’। এ বিষয়ে সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বলেন, ‘সমু চৌধুরীর চিকিৎসার দায়িত্ব নিতে আমরা প্রস্তুত ছিলাম। তাঁর পরিবারের অনুমতির অপেক্ষায় ছিলাম। আজ সমু চৌধুরীর মা ও পরিবারের অন্য সদস্যদের অনুমতি পেয়েছি। ইতিমধ্যে চিকিৎসার প্রক্রিয়া শুরু হয়েছে। তাঁর পুরো চিকিৎসা আমাদের তত্ত্বাবধানে হবে। সব খরচ অভিনয়শিল্পী সংঘ বহন করবে।’
ইএইচ/