বিনোদন ডেস্ক
২৯ অক্টোবর ২০২৬, ১২:৩৪ পিএম
বিচ্ছেদের পর একাধিক পুরুষের সঙ্গে নাম জড়িয়েছে মালাইকা অরোরার। তবে অর্জুন কাপুরের নামের সঙ্গে সিঙ্গেল শব্দটি ছিল অটুট। অর্ধেক বয়সী হীরা ব্যবসায়ীর সঙ্গে পর্দার মুন্নির ডেটের গুঞ্জন চাউর হলেও অভিনেতার আশেপাশে কাউকে দেখা যায়নি। এবার যেন একা থাকার দিন শেষ। অর্জুনের নতুন সম্পর্কের আভাস দিলেন বরুণ ধাওয়ান।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রযোজক-পরিচালক করণ জোহরের শো কফি উইথ করণে অতিথি হয়েছিলেন জাহ্নবী কাপুর ও বরুণ। সেখানে স্পেশাল গেস্ট হিসেবে আবির্ভাব ঘটে অর্জুনের। করণের সে ভরা সভায় অভিনেতার হাঁড়ির খবর সামনে আনেন বরুণ।
_20261029_123236205.jpg)
অনুষ্ঠানের শেষের দিকে বরুণ জানান, সম্পর্কে আছেন অর্জুন। কারও সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি। এজন্যই মাঝে মাঝে অভিনেতা আলিবাগ যান বলে দাবি করেন বরুণ। সেখানে রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে যুক্ত এক নারীর সঙ্গে ডেট করেন অর্জুন। সেইসঙ্গে মজা করে বলেন অর্জুনের গোপন সম্পর্কের কথা এতদিন আড়াল করে রেখেছিলেন তিনি।
এদিকে বরুণের মুখে ভাইয়ের গোপন সম্পর্কের কথা শুনে অনেকটা অবাক হন জাহ্নবী। তিনিও অর্জুনের কাছে জানতে চান, তার জীবনে নতুন কেউ এসেছে কিনা। সঙ্গে মজার ছলে বলেন এর আগেও তার সম্পর্কের খবর বরুণের কাছে শুনেছিলেন। যোগ দেন করণও। যদিও তিনি অর্জুনের পক্ষে ছিলেন। অভিনেতা হয়তো বন্ধুদের সঙ্গে দেখা করতে আলিবাগ যান বলে ধারণা পোষণ করেন তিনি।

তবে জবাবে অর্জুন জানান তিনি মোটেও আলিবাগ যান না। নিজের বাড়িতেই থাকেন। নিজের সম্পর্কে বরুণের দাবিকেও উড়িয়ে দেন অভিনেতা। জানান, আন্দাজে ঢিল ছুড়ছেন বরুণ। তার কাছে প্রমাণ থাকলে হাজিরও করতে বলেন। তবে এ নিয়ে বরুণ কিছু বলেননি। এসব মজার ছলে বলেছেন কি না তাও পরিষ্কার করেননি।
আরআর