বিনোদন ডেস্ক
২৯ অক্টোবর ২০২৬, ১২:৩০ পিএম
মুক্তির আগেই একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছে নীতীশ তিওয়ারীর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’। সম্প্রতি রণবীর কাপূরের একটি মন্তব্য নিয়ে চর্চা থামতে না থামতেই এবার বিতর্কের কেন্দ্রে সীতা চরিত্রের অভিনেত্রী সাই পল্লবী। লস অ্যাঞ্জেলসে ছবির বিশেষ প্রদর্শনীতে রাবণ চরিত্র নিয়ে করা তাঁর একটি মন্তব্য ঘিরে শুরু হয়েছে তুমুল সমালোচনা।
গত ২৭ অক্টোবর আমেরিকার লস অ্যাঞ্জেলসে ‘রামায়ণ’-এর এক বিশেষ প্রদর্শনীতে গণমাধ্যমের মুখোমুখি হয়ে রাবণ সম্পর্কে সাই পল্লবী বলেন, ‘রাবণ আসলে খুব খারাপ নন। আমাদের প্রত্যেকের মধ্যেই রাবণ রয়েছে। তাঁকে চিনতে পারা জরুরি। সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের ভুল শুধরে নেওয়া প্রয়োজন।’
অভিনেত্রী যোগ করেন, ‘কেউ বিশ্বাসী হলে, নিজের ভেতরে ভালো ও মন্দের দিকগুলি খুঁজে দেখা উচিত। পাশাপাশি আত্মসমীক্ষার মাধ্যমে নিজেকে সংশোধন করতে হবে।’

তবে রাবণকে নিয়ে সাই পল্লবীর মন্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের একাংশ তীব্র আপত্তি জানান। একজন ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘একজন নারী হয়ে অন্য এক নারীর অপহরণকারীর প্রশংসা করছেন!’
এদিকে, অভিনেত্রীর পক্ষেও দাঁড়িয়েছেন অনেকে। এক ভক্ত লিখেছেন, ‘কিছু জায়গায় রাবণের পুজো করা হয়, তাঁর কুশপুতুলও পোড়ানো হয় না। রাবণের ভালো দিকগুলোও রয়েছে; তিনি শিবের ভক্ত, পন্ডিত ও সংগীতজ্ঞ ছিলেন। কিন্তু অহংকার তাঁকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিল।’ অন্য একজন লিখেছেন, ‘মানুষ সবকিছু নিয়ে বিতর্ক তৈরি করতে চায়। সাই আসলে আমাদের ভেতরের অশুভ শক্তির কথাই বলেছেন। সেই অশুভ শক্তিকে জয় করার বার্তা দিতে চেয়েছেন।’
আগামী ৫ নভেম্বর বিশ্বজুড়ে মুক্তির কথা রয়েছে বহুচর্চিত এই ছবিটি।
ইএইচ/