বিনোদন ডেস্ক
২৯ অক্টোবর ২০২৬, ১১:১০ এএম
বলিউডে দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছিল শিল্পপতি শিখর পাহাড়িয়ার সঙ্গে প্রেমের সম্পর্কে মজেছেন জনপ্রিয় অভিনেত্রী জাহ্নবী কাপুর। এবার সেই জল্পনায় সিলমোহর দিলেন অভিনেত্রী নিজেই। সম্প্রতি করণ জোহরের জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এর নবম সিজনে এসে নিজের ব্যক্তিগত জীবন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।
শোয়ে সঞ্চালক করণ জোহরের মুখোমুখি হয়ে শিখরের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করে জাহ্নবী বলেন, ‘ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত খোলামেলা হতে চাই না ঠিকই, তবে সব কিছু গোপন রাখার জন্য এত রাখঢাক করার কোনো মানে হয় না। সম্পর্ক নিয়ে সব সময় লুকোছাপা করা বেশ বিরক্তিকর।’
শিখরকে নিজের জীবনের শেষ ঠিকানা মনে করেন কি না— করণের এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘আমি তা-ই মনে করি। শিখর সবসময়ে আমার পাশে থেকেছে, সেটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

জাহ্নবী আরও জানান, তাঁদের মধ্যে যখন প্রেমের সম্পর্ক গড়ে ওঠেনি, তখনও বিপদে শিখর ছায়ার মতো পাশে দাঁড়িয়েছিলেন। অভিনেত্রীর ভাষ্য, ‘আমার মায়ের মৃত্যুর খবর পেয়ে শিখর লন্ডন থেকে মুম্বাইয়ে চলে আসে। সেই সময় এক সেমিস্টার পরিক্ষাও দিতে পারেনি। আমার কাছাকাছি এক বন্ধুর বাড়িতে থেকেছিল, যাতে আমার যেকোনো প্রয়োজনে পাশে থাকতে পারে।’
সম্পর্কের কথা স্বীকার করার পর বিয়ের প্রসঙ্গ তোলেন করণ জোহর। কবে বিয়ের পিঁড়িতে বসছেন জানতে চাইলে জাহ্নবী বলেন, ‘আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বিয়ে করার কোনো পরিকল্পনা নেই। আপাতত আমরা বেশ ভালো আছি।’

আগামী বছর বেশ ব্যস্ততায় কাটবে জাহ্নবীর। এ মুহূর্তে তার ঝুলিতে রয়েছে রাজ মেহতা পরিচালিত ‘লাগ যা গালে’ ছবি। এতে টাইগার শ্রফ, বিদ্যুৎ জামওয়াল ও টাবুর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি। এ ছাড়া ধ্রুব বিক্রমের তামিল ছবি ‘জ্যাকি’ এবং আটলির ‘রাকা’ সিনেমাতেও দেখা যাবে তাঁকে। ‘রাকা’ ছবিতে তাঁর সঙ্গে থাকছেন অল্লু অর্জুন, দীপিকা পাড়ুকোন ও রাশমিকা মান্দানার মতো তারকারা। পাশাপাশি উমেশ বিস্টের একটি রোমান্টিক থ্রিলারে কাজ করছেন জাহ্নবী।
ইএইচ/