বিনোদন ডেস্ক
২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পিএম
কারাগার, কারাদণ্ডের অভিজ্ঞতা ইরানি নির্মাতা জাফর পানাহির আগে থেকেই। এবার ফের তাকে পাঁচ বছর এক মাসের কারাদণ্ড দিল দেশটির আদালত। নতুন এক মামলায় এ রায় দেওয়া হয়েছে তার বিরুদ্ধে। সেইসঙ্গে পরিচালকের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
জাফর পানাহির আইনজীবী মোস্তফা নিলি জানিয়েছেন, এছাড়াও তার দুই বছরের জন্য বিদেশযাত্রা ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইরানের তেহরানের বিপ্লবী আদালতের ২৬ নম্বর শাখা পানাহির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করে।
পানাহির আইনজীবীর দাবি, শুনানির বিষয়ে পানাহিকে কোনো নোটিশ দেওয়া হয়নি। গত সপ্তাহে তার ব্যাংক হিসাব বন্ধ হয়ে যাওয়ার পর তারা মামলার রায় সম্পর্কে জানতে পারেন। তবে ঠিক কী অভিযোগে তাকে এই দণ্ড দেওয়া হয়েছে, সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে এক বছরের কারাদণ্ড দেওয়া হয় পানাহিকে। সেটি ছিল ইরান সরকারের বিরুদ্ধে প্রচারণামূলক কর্মকাণ্ডের অভিযোগে। গেল জুনেও সে সাজা বহাল রাখে দেশটির আদালত। দুই মামলা মিলিয়ে মোট ছয় বছর এক মাসের কারাদণ্ড হলো নির্মাতার।
অনেকদিন ইরানের বাইরে ছিলেন পানাহি। ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সময় দেশে প্রবেশ করেন তিনি। ঝুঁকি নিয়ে দেশে প্রবেশের কারণ জানিয়ে গণমাধ্যমকে তিনি বলেছিলেন, নিজের দেশে থাকা তার প্রয়োজন। কর্তৃপক্ষ কারাদণ্ড কার্যকর করতে চাইলে তারা তা করতে পারে বলেও মন্তব্য করেছিলেন তিনি।
‘দ্য সার্কেল’, ‘অফসাইড’, ‘ট্যাক্সি’র মতো ছবি তৈরি করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন পানাহি। তাঁকে ইরানের সেরা চলচ্চিত্রকারদের একজন হিসেবে বিবেচনা করা হয়।
আরআর