বিনোদন ডেস্ক
২৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পিএম
নারী উদ্যোক্তাদের সাফল্য উদ্যাপন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং দেশীয় পণ্যের প্রচার ও প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ নারী উদ্যোক্তাদের কমিউনিটি ‘খ তে খাঁটি পরিবার’ উদ্যাপন করেছে তাদের পঞ্চম বর্ষপূর্তি। গত ২৩ অক্টোবর (শুক্রবার) ঢাকার বনশ্রীতে দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘পঞ্চমীর আলোয় অনন্যা—উদ্যোক্তাদের মহামিলনমেলা ২০২৬’। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নারী উদ্যোক্তা, বিশিষ্ট অতিথি, গণমাধ্যমকর্মী ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।
পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। আমন্ত্রিত অতিথিদের ফুল ও গাছ উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সেলিনা সুলতানা নিশীতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) যুগ্ম সচিব ও সদস্য-পরিচালক সালেহা বিনতে সিরাজ এবং জনপ্রিয় অভিনেত্রী ও লেখক ফারজানা ছবি।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপস্থাপিকা ও অভিনয়শিল্পী ফেরদৌস আরা বন্যা, বাংলাদেশ টেলিভিশনের উপস্থাপিকা ও সংগীতশিল্পী সৈয়দা আফসানা রুমকি, ফুড কনটেন্ট ক্রিয়েটর আমিনুল করিম ফাহাদ (পেটুক সাহেব), সংগীতশিল্পী মৌমিতা বড়ুয়া, অ্যাডভোকেট রিসালাতুন্নাহার রিনা (মেন্টাল হেলথ অ্যান্ড সাইকোসোশ্যাল কনসালট্যান্ট), আশরাফুননেছা মেবিনসহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি সেলিনা সুলতানা নিশীতা নারী উদ্যোক্তাদের নিয়ে এমন উদ্যোগের প্রশংসা করেন। ক্ষুদ্র ও নতুন উদ্যোক্তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি তিনি ‘খ তে খাঁটি পরিবার’-এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
ফারজানা ছবি বলেন, ঘরে বসে নারীরা নিজেদের মেধা, প্রচেষ্টা ও পরিশ্রমের মাধ্যমে যেভাবে সাফল্য অর্জন করছেন, তা আমাকে অনুপ্রাণিত করে। নারী উদ্যোক্তাদের একত্রিত করা, তাঁদের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরিতে ‘খ তে খাঁটি পরিবার’-এর ভূমিকারও প্রশংসার দাবিদার।
অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব ছিল সফল উদ্যোক্তাদের সম্মাননা প্রদান। সারা বছর অনলাইন প্ল্যাটফর্মে বিক্রয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখা সেরা বিক্রেতাদের তাঁদের অর্জন, ধারাবাহিক প্রচেষ্টা, ব্যবসায়িক সাফল্য এবং ক্রেতাদের আস্থা অর্জনের স্বীকৃতিস্বরূপ সম্মাননা দেওয়া হয়।
নারী উদ্যোক্তাদের সাফল্যের পেছনে পরিবারের সহযোগিতার গুরুত্ব স্বীকার করে একজন উদ্যোক্তার জীবনসঙ্গীর ইতিবাচক ভূমিকার স্বীকৃতিস্বরূপ বিজয়ী দম্পতিকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি শিশুদের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বর্ষপূর্তি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলতে আয়োজন করা হয়েছিল র্যাফেল ড্র, বিভিন্ন খেলা, মাসকটের উপস্থিতি, সাংস্কৃতিক পরিবেশনা এবং উদ্যোক্তাদের পণ্য ও পোশাক নিয়ে র্যাম্প শো। অতিথিরা স্টলগুলো পরিদর্শন করেন এবং উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে তাঁদের পণ্য, সেবাসমূহ ও ব্যবসায়িক কার্যক্রম সম্পর্কে জানতে চান। এ সময় তাঁরা নারী উদ্যোক্তাদের উৎসাহিত করেন এবং দেশীয় পণ্যের প্রচার ও প্রসারে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
আরআর