বিনোদন ডেস্ক
২৫ অক্টোবর ২০২৬, ০৩:২৯ পিএম
ঢালিউড তারকা পরীমণির জন্মদিন যেন তার সৌন্দর্যের মতোই জমকালো। এবারও ব্যতিক্রম ছিল না। গতকাল শনিবার ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ে এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত পরীমণির জন্মদিনে ছিল শিউলি ফুলের আধিক্য। সেখানকার সিঁড়িগুলো যেমন সাজানো হয়েছিল শিউলিতে। তেমনই নায়িকার শাড়িতেও ছিল সুতোয় বোনা শিউলি। এর পেছনেও রয়েছে এক চমকে দেওয়া গল্প।
গতকাল শনিবার সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন পরীমণি। সেখানে জানান তার দুই মন শিউলি দরকার। মন্তব্যের ঘরে নানাজনে নানা কথা লিখলেও কাজের কাজটি করেছেন চট্টগ্রামের একজন। বিমানে করে নায়িকার জন্য পাঠান পর্যাপ্ত শিউলি। সেই ফুলেই সেজে উঠেছিল পরীর জন্মদিনের আয়োজন স্থল।

পরীমণির কথায়, ‘শিউলি ফুলের কথা মাথায় রেখেই সব করেছি। ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলাম, কেউ আমাকে অনেকগুলো শিউলি ফুল এনে দাও। কিন্তু এটা আসলে সম্ভবও না। এই ফুল চার-পাঁচ ঘণ্টাও ঠিক রাখা যায় না। কিন্তু একজন আমাকে চট্টগ্রাম থেকে ফ্লাইটে করে শিউলি ফুল পাঠিয়েছে।’
এদিকে জন্মদিনে তারকাদের নতুন কাজের খবর দেওয়ার রীতি বিভিন্ন ইন্ডাস্ট্রিতেই রয়েছে। ঢালিউডেও ব্যতিক্রম না। এর আগে শাকিব খান, সিয়াম আহমেদের জন্মদিনে তাদের সিনেমার পোস্টার, টিজার প্রকাশ পেয়েছে। পরীমণির ক্ষেত্রেও একই চিত্র। গতকাল ২৪ অক্টোবর এ অভিনেত্রীর জন্মদিনে প্রকাশ পেয়েছে তার নতুন সিনেমা ‘ফারজানা’র ফার্স্ট লুক।

পোস্টারে পরীমণিকে দেখা গেছে গ্ল্যামার ঝেড়ে সংগ্রামী নারীর অবয়বে। রয়েছে জখমের দাগও। জানা গেছে, সিনেমাটির শুটিং শেষের দিকে। এ নিয়ে নিয়ে কথা বললেও ঝেড়ে কাশেননি পরীমণি। বলেছেন, ‘আমরা ছয় মাস আগেই লুক ঠিক করেছি। কাজ করতে যাওয়ার সময় নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছিল। সিনেমাটির শুটিং চলছে। কিছু কাজ বাকি আছে। বাকি কাজ শেষ করে জানাব।’
‘ফারজানা’র নির্মাতা তারেক রহমান। তার কথায়, ‘আমরা সুন্দর একটা জার্নি শুরু করতে যাচ্ছি। পরীমনির চরিত্রটি স্ট্রাগলিং একজন নারীর। আশা করি, জার্নিটা সুন্দর হবে। আপনারা নতুন পরীমনিকে আবিষ্কার করবেন।’
আরআর