বিনোদন ডেস্ক
২৩ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পিএম
২০১০ সালের একটি আত্মহত্যায় প্ররোচনা মামলায় বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিরুদ্ধে সম্প্রতি গ্রেফতারি পরোয়ানা জারি করে উত্তর প্রদেশের একটি আদালত। গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) আদালতে মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে তার বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা খারিজ করেছে আদালত।
গতকাল শুনানিতে রাখির আইনজীবী আদালতে এলাহাবাদ হাইকোর্টের একটি পুরনো নির্দেশ পেশ করেন, যেখানে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নেওয়ার কথা বলা হয়েছিল। সেই আবেদন বিবেচনা করে আদালত এই নির্দেশ দেয়। তবে গ্রেফতারি পরোয়ানা বাতিল হলেও মামলা থেকে খালাস পাননি তিনি। ফলে বিচার কার্যক্রম চলমান থাকবে।
ঘটনার সূত্রপাত ২০১০ সালে। ঝাঁসির প্রেম নগর এলাকার বাসিন্দা লক্ষ্মণ নামের এক ব্যক্তি পারিবারিক কোন্দলের জেরে রাখি সাওয়ান্তের সঞ্চালনায় একটি জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শো-এ অংশ নিয়েছিলেন। অভিযোগ ওঠে, সেই অনুষ্ঠানে সবার সামনে লক্ষ্মণের বিরুদ্ধে অত্যন্ত অবমাননাকর ও আপত্তিকর মন্তব্য করেন রাখি। অনুষ্ঠানের পর মানসিক অবসাদ এবং সামাজিক হেনস্থার মুখে পড়ে ওই যুবক ভেঙে পড়েন। এবং পরবর্তীতে ওই বছরের নভেম্বর মাসে তাঁর মৃত্যু হয়।
যুবকের মৃত্যুর পর তার মা রাখিসহ মোট চারজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া, অপরাধমূলক ষড়যন্ত্র এবং ইচ্ছাকৃতভাবে অপমানের অভিযোগে মামলা দায়ের করেন। দীর্ঘ পুলিশি তদন্তের পর চার্জশিট দাখিল করা হলে আদালত অভিনেত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে।
আগামী ১ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
ইএইচ/