Dhaka Mail Logo

বিনোদন

২ লাখ রুপির লোভে টাইগার শ্রফের ওপর হামলা কারখানা শ্রমিকের!

বিনোদন ডেস্ক

২১ অক্টোবর ২০২৬, ১২:২৬ পিএম

সম্প্রতি মুম্বাইয়ের জুহু এলাকায় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। অল্পের জন্য রক্ষা পান অভিনেতা। তবে গুলিতে আহত হন তাঁর গাড়ির চালক এবং এক অটোচালক। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘাতকদের মধ্যে রয়েছে হরিয়ানার সোনিপতের ১৮ বছরের রেহান, ১৭ বছরের এক নাবালক এবং ২২ বছরের হৃতিক কুমার। ঘটনার পরদিন সোমবার রাজস্থানের কোটায় দিল্লিগামী ট্রেন থেকে তাঁদেরকে গ্রেফতার করা হয়।

অভিযুক্তদের মধ্যে রেহানের ব্যাপারে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন মুম্বাই পুলিশ। জানিয়েছে, শৈশব থেকেই তীব্র অর্থসংকটে বেড়ে উঠেছেন রেহান। ইচ্ছা থাকলেও টানাপোড়েনের সংসারে পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। বাধ্য হয়ে নবম শ্রেণিতে পড়া অবস্থায় গুরুগ্রামে ঝালাইয়ের কাজ শিখেছিলেন। সেখান থেকে হরিয়ানার একটি ঝালাই কারখানার চাকরি জোটে তাঁর। কাজের পাশাপাশি ছোটখাটো অপরাধেও জড়িয়ে পড়ে। টাইগার শ্রফের ওপর হামলার কয়েক মাস আগে বেআইনি অস্ত্র মামলায় জেলে খেটেছে সে। যদিও জামিনে মুক্ত হয়ে আবারও কাজে ফিরেছিলেন।

প্রথমবার অস্ত্র মামলার অভিযোগে জেল খাটলেও এবার সরাসরি হত্যাচেষ্টার অভিযোগ তাঁর ওপর। সিসিটিভি ফুটেজে তাঁকে অভিনেতার ওপর গুলি চালাতে দেখা যায়। পুলিশ জানিয়েছে, বড় অঙ্কের অর্থ এবং বিদেশে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়ার আশায় রেহান অপরাধজগতে নাম লেখান।

রেহানের মা শামসিদা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রায় ২০ দিন আগে এক রাতে বাড়িতে খাবার খাওয়ার সময় এক ব্যক্তি ভালো বেতনের চাকরির লোভ দেখিয়ে তাঁকে ডেকে নিয়ে যান। এরপর থেকে আর বাড়ি ফেরেনি রেহান। মায়ের দাবি, বিহারের এক যুবকের মাধ্যমে মাসে ২ লাখ টাকা বেতনের চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাঁর ছেলেকে অপরাধের জালে ফাঁসানো হয়েছে। পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ না থাকায় ছেলের বিষয়ে তাঁরা কিছু জানতে পারেননি।

তদন্তে জানা গেছে, হামলা চালানোর জন্য অভিযুক্তদের মাত্র ৫০ হাজার রুপি অগ্রিম দেওয়া হয়েছিল। কাজ সফল হলে বড় অঙ্কের টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এর পেছনে কোনো মাস্টারমাইন্ড কাজ করছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

ছেলের অপরাধের কথা জানার পর কান্নায় ভেঙে পড়েছেন রেহানের মা। মুম্বাই গিয়ে ছেলের সঙ্গে দেখা করার সামর্থ্যও তাঁর নেই। শামসিদা বলেন, ‘ছেলের সঙ্গে দেখা করতে মুম্বাই যাওয়ার মতো টাকা নেই। রেহান বর্তমানে কোথায় রয়েছে, কেমন আছে, এমনকি তাঁর পরিস্থিতি কী— কোনো কিছুই জানি না।’

উল্লেখ্য, রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে কাজ শেষে জুহু এলাকা ত্যাগ করার সময় টাইগার শ্রফকে লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলায় অভিনেতার চালক ফিরদাউসের বাম হাতে গুলি লাগে। চৌহান নামের এক পথচারী আহত হয়েছেন। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

ইএইচ/