Dhaka Mail Logo

বিনোদন

দুই দিনে ২০০ কোটি, চমক দেখাচ্ছে রজনীকান্তের ‘জেলার ২’

বিনোদন ডেস্ক

১৭ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পিএম

‘জেলারে’র প্রথম ছবির মতো সিক্যুয়েলেও বাজিমাত দক্ষিণী মহাতারকা রজনীকান্তের। মুক্তির দুই দিনে দুই শ কোটি পকেটে ভরেছে সিনেমাটি। সেইসঙ্গে আয়ের দিক থেকে ‘জেলারে’র রেকর্ডও ভেঙেছেন অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের হিসাব অনুযায়ী দুই দিনে ‘জেলার ২’ বিশ্বব্যাপী আয় করেছে ২০৯ কোটি ১০ লাখ রুপি। এরমধ্যে ভারত থেকে তুলেছে ১১২ কোটি ১০ লাখ রুপি। ভারতের বাইরে অর্থাৎ বিশ্ব বাজার থেকে এসেছে ৯৭ কোটি রুপি। 

মুক্তির প্রথম দিন চমক দেখিয়েছে ‘জেলার ২’। বিদেশসহ মোট আয় করেছে ১২৫ কোটি ২৫ লাখ রুপি। এরমধ্যে ভারত থেকে তুলেছে ৭০ কোটি ২৫ লাখ রুপি গ্রস। তবে দ্বিতীয় দিন তুলনামূলকভাবে আশংকাজনকভাবে কমেছে ছবিটির আয়। এদিন ভারত থেকে এসেছে ৩৫ কোটি ৬০ লাখ রুপি। অন্যদিকে বিদেশের বাজার থেকে ৪০ কোটি রুপি। সব মিলিয়ে গত দুই দিনে আয় গিয়ে দাঁড়িয়েছে ২০০ কোটির ওপরে।

২০২৩ সালে মুক্তি পেয়েছিল ‘জেলার’। আয়ের দিক থেকে সেটিও দেখিয়েছিল চমক। প্রথম দুই দিনে ছবিটির আয় ছিল প্রায় ১৫০ কোটি রুপি। তবে পরের সিনেমা ২০০ কোটির ওপর পকেটে ভরায় নিজের সে ছবিকে ছাড়িয়ে গেলেন পরের সিনেমা দিয়ে। 

‘জেলার ২’পরিচালনা করেছেন নেলসন দিলীপকুমার। এতে রজনী ছারাও অভিনয় করেছেন রম্যা কৃষ্ণন, যোগী বাবু, বিদ্যা বালান, এস জে সূর্য, মিঠুন চক্রবর্তী, বিজয় সেতুপতি, মোহনলাল, শিবরাজকুমার, জ্যাকি শ্রফ, হৃতিক রোশনসহ একঝাঁক তারকা। সংগীত পরিচালনায় অনিরুদ্ধ রবিচন্দর।

আরআর