বিনোদন ডেস্ক
১৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পিএম
আকাশে তুলোর মতো সাদা মেঘ আর বনে বনে থোকা থোকা শুভ্র কাশ ফুল বলে দেয় শরৎ এসেছে। মাসটির অপেক্ষায় মুখিয়ে থাকেন সনাতন ধর্মের অনুসারীরা। কেননা এসময় বাবার গৃহে আসেন দূর্গতিনাশিনী দেবী দূর্গা। তার আগমনে ঢাকের বোল, শাঁখের ধ্বনি, কাসার থাল বেজে ওঠে প্রাণ খুলে। পাড়ায় পাড়ায় শুরু হয় শারদীয় দুর্গোৎসব। এ উপলক্ষে অনুষ্ঠানের পসরা সাজায় টেলিভিশন চ্যানেলগুলোও। এবারও ব্যতিক্রম হচ্ছে না। দুর্গাপূজা উপলক্ষে দুরন্ত টিভির বিশেষ আয়োজন ‘হৈ হৈ হল্লা’।
একটি বাড়ি, সেই বাড়ির পাঁচটি ফ্ল্যাটে থাকে ভিন্ন ভিন্ন ধর্মের পাঁচটি পরিবার। পরিবারগুলো সব উৎসব একসঙ্গে পালন করে। দুর্গাপূজাকে ঘিরে বাড়িতে উৎসব শুরু হয়। উৎসবে বাড়ির শিশুরা একটি মঞ্চ নাটকের আয়োজন করে। নাটক করতে গিয়ে ঘটে মজার সব কাণ্ড। সেইসব মজার ঘটনা নিয়ে দুরন্ত টিভির দুর্গাপূজার বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা’।
‘হৈ হৈ হল্লা’ পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে কাজী আফরা ইভিলিনা, ইশরাক তূর্র্য, সমাদৃতা প্রহর, আয়াজ মাহমুদ, রাঈদা ঋ জুনি, কাওসার বিন মামুন এবং অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, শাহানাজ খুশী ও আরো অনেকে। নাটকটি দেখা যাবে ১৯ অক্টোবর (অষ্টমী), ২০ অক্টোবর (নবমী) ও ২১ অক্টোবর (দশমী) দুপুর ১টা ৩০ মিনিটে ও রাত ৯টা ৩০ মিনিটে।
শারদীয় দুর্গাপূজায় বিশেষ রান্না নিয়ে আসছে ‘বানাই মজার খাবার মা বাবা আর আমি’। অনুষ্ঠানটিতে একজন শিশু তার মা অথবা বাবাকে সঙ্গে নিয়ে আসে। পূজা উপলক্ষে তারা বিভিন্ন মজাদার খাবার তৈরি করে, আর মজার মজার সব গল্প করে সময় কাটায়। অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছে অষ্টমীতে গৃহী সাহা ও তার মা, নবমীতে শ্রীনিধি সরকার রাধিকা ও তার বাবা এবং দশমীতে পূর্ণা আনন্দিতা ও তার মা।
‘বানাই মজার খাবার মা বাবা আর আমি’ পরিচালনা করেছেন আমিনা নওশিন রাইসা ও সঞ্চালনা করেছেন রন্ধনশিল্পী আফিফা আখতার লিটা। দুরন্ত টিভিতে অনুষ্ঠানটি প্রচারিত হবে ১৯ অক্টোবর (অষ্টমী), ২০ অক্টোবর (নবমী) ও ২১ অক্টোবর (দশমী), দুপুর ১টায় ও সন্ধ্যা ৭টায়।
আরআর