বিনোদন ডেস্ক
১৭ অক্টোবর ২০২৬, ০১:২৫ পিএম
সানিয়া মির্জা টেনিস কোর্টে দাপট দেখালেও তার আট বছরের ছেলে ইজহান মির্জা নাম লেখাচ্ছে বলিউডে। ফারাহ খানের হাত ধরে নায়ক হয়ে আত্মপ্রকাশ করবে সে। এরইমধ্যে সাইনিং মানিও দিয়েছেন ফারাহ! ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সম্প্রতি নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদীর পডকাস্টে অতিথি হয়েছিলেন সানিয়া। সেখানে এ তথ্য ফাঁস করেন তিনি। জানান, আট বছর আগে তার হাতে ১০০ রুপি দিয়ে ইজহানকে নিজের সিনেমার নায়ক হিসেবে চুক্তি করেছেন ফারাহ। সানিয়া বলেন, ফারাহ বলেছিলেন, “ইজ়হান বড় হয়ে অভিনেতা হলে আমি ওর সঙ্গে ছবি করব।” সাইনিং মানি হিসেবে ওই ১০০ রুপি সযত্নে রেখে দিয়েছেন বলে জানান সানিয়া।
তথ্যটি এর আগেও দিয়েছিলেন সানিয়া। ছেলেকে বলিউডের নায়ক হিসেবে আত্মপ্রকাশ করতে ফারাহর প্রতিশ্রুতির কথা জানিয়েছিলেন। আজকাল ফারাহও ভ্লগিং করছেন। গেল বছর তার অনুষ্ঠানে ছেলেসহ হাজির হয়েছিলেন সানিয়া। সেখানেও জানিয়েছিলেন ঘটনাটি।
ওই ভিডিওতে দেখা গিয়েছিল, চুইংগাম চিবুতে চিবুতে ফরাহর সঙ্গে মজা করছে ইজহান। ইশারায় সে বোঝায়, ফরাহের সোফায় চুইংগাম লাগিয়ে দেবে! জবাবে ফরাহ বলেন, “ভুলে যেও না, আমিই তোমাকে লঞ্চ করব। তুমি আমার হিরো!”
সানিয়ার সঙ্গে ফারাহর সখ্যতা গোটা বলিউড জানে। খোলামেলা আড্ডা থেকে মজার খুনসুটি— দুই জনের সম্পর্ক যেন বোনের মতো। ইজহানকে সিনেমায় নেওয়ার প্রতুশ্রুতি যেন তার-ই প্রমাণ।
আরআর