Dhaka Mail Logo

বিনোদন

ইমরানের শুটিং সেটে উল্টে গেল গাড়ি, অল্পের জন্য বাঁচলেন অভিনেতা!

বিনোদন ডেস্ক

১৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পিএম

বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমির নতুন অ্যাকশন-রোমান্টিক থ্রিলার চলচ্চিত্র ‘গানমাস্টার জি৯’  শুটিং সেটে বড় ধরনের দুর্ঘটনা ঘটেছেন। ছবির একটি ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিং চলাকালীন ঘটনাটি ঘটে। 

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি স্টান্টের জন্য ক্রেনে মাথায় ঝুলানো ছিল কালো রঙের একটি এসইউভি গাড়ি। গাড়িটি ঝুলান্ত অবস্থায় শূন্যে উল্টে যায়। সেটি উল্টে নিচে দাঁড়িয়ে থাকা অন্য একটি গাড়ির ওপর আছড়ে পড়ে। যে গাড়িটি উল্টে পড়েছিল তার অত্যন্ত কাছাকাছি ছিলেন ইমরান। অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। এই ঘটনায় অভিনেতা বা সেটের অন্য কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

সোশ্যাল মিডিয়ায় শুটিং সেটের একটি বিহাইন্ড-দ্য-সিনস ভিডিও ফাঁস হওয়ার পর ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে প্রযোজনা সংস্থার পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

এর আগে গত জুন মাসে উত্তরাখণ্ডের হরিদ্বারে ছবিটির শুটিং চলাকালীন একটি ‘বার অ্যান্ড ক্যাফে’-এর সাইনবোর্ড ঝোলানোকে কেন্দ্র করে স্থানীয়দের তোপের মুখে পড়েন ‘গানমাস্টার জি৯’ টিম। 
বাধ্য হয়ে সেই সময় শুটিং বন্ধ রাখতে হয়েছিল। পরে প্রযোজক দীপক মুকুট জানিয়েছিলেন, কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করার কোনো উদ্দেশ্য তাঁদের ছিল না। স্থানীয়দের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করা হয়।

আগামী ২৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘গানমাস্টার জি৯’-এর। এতে ইমরানের সঙ্গে আরও অভিনয় করছেন জেনেলিয়া দেশমুখ ও অপারশক্তি খুরানা। পরিচালনা করছেন আদিত্য দত্ত। এর আগে চলতি বছরের ১৪ আগস্ট মুক্তি পায় ‘আওয়ারাপন ২’। 

ইএইচ/