বিনোদন ডেস্ক
১৪ অক্টোবর ২০২৬, ১২:২৯ পিএম
প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে উত্তাল ভারত। ককরোচ জনতা পার্টি, ভারতীয় ন্যাশনাল কংগ্রেসসহ বিরোধী দলগুলো দিল্লির যন্তর মন্তরে আন্দোলন করছে। আন্দোলনের অংশ হিসেবে ১২ সেপ্টেম্বর ‘মার্চ টু সুপ্রিম কোর্ট’-এর ডাক দিয়েছিল কংগ্রেস সমর্থিত ইন্ডিয়া জোট।
জোটের ডাকা এই আন্দোলনে যোগ দিয়েছিল তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি ও ভারতের কমিউনিস্ট পার্টিসহ মোট ২০টি দলের নেতাকর্মীরা। ভারতীয় ন্যাশনাল কংগ্রেস ত্রিপুরার ভেরিফায়েড ফেসবুক পেজে আন্দোলনের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করা হয়েছে গায়িকা নাজনীন আখতার মৌসুমী চৌধুরীর গাওয়া ‘দেশটা তোমার বাপের নাকি’ গানটি। গানের কথা ও সুর করেছেন ইথুন বাবু।
এর আগে পশ্চিমবঙ্গের আর. জি. কর হাসপাতালে ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদী আন্দোলনেও অনেকের মুখে শোনা গিয়েছিল এই গানটি।
গানটি প্রকাশিত হয় ২০২২ সালে। ‘দেশটা তোমার বাপের নাকি’ গানটি মৌসুমীর কণ্ঠে ব্যাপক জনপ্রিয়তা পেলেও এটি প্রথম মঞ্চে গেয়েছিলেন খুলনার বাসিন্দা রুকসার রহমান। পরবর্তীতে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে গানটি নতুন করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।
ইএইচ/