বিনোদন প্রতিবেদক
১৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পিএম
চলচ্চিত্র নির্মাতা সুরাইয়া তাছনিন সাথীর গল্প শুরু গাইবান্ধা থেকে। পাড়াগাঁয়ে বসেই করেন বিশ্বজয়। প্রথম প্রামাণ্যচিত্র দিয়ে জিতে নেন আন্তর্জাতিক পুরস্কার। এবার দ্বিতীয় সিনেমা ‘অনন্তরেখা’ নিয়ে আসছেন তিনি।
খবরটি সামাজিক মাধ্যমে নিজেই প্রকাশ করেছেন সাথী। ফেসবুকে প্রকাশ করেছেন ২০ মিনিটের স্বল্পদৈর্ঘ্য সিনেমাটির পোস্টার। ক্যাপশনে লিখেছেন, আমার দ্বিতীয় স্বল্পদৈর্ঘ্য বায়োগ্রাফি ডকুমেন্টরির পোস্টার প্রকাশ করতে পেরে আনন্দিত। প্রথম নির্মাণ থেকে যে সমর্থন ও ভালোবাসা পেয়েছি সেটিই দ্বিতীয় কাজটি সম্পন্ন করতে অনুপ্রেরণা জুগিয়েছে।
‘অনন্তরেখা’ র বিষয়বস্তু নিয়ে ঢাকা মেইলকে সাথী বলেন, ‘আমি মূলত আমাদের দেশের নারীদের জীবনের গল্প তুলে ধরার চেষ্টা করি। এবারও একজন সংগ্রামী নারীর জীবন পর্দায় আনার চেষ্টা করেছি। যার গল্প সাহস ও অনুপ্রেরণা জোগাবে বলে আশা করছি।’

গোপালগঞ্জের রেখা রানী ওঝাকে নিয়ে সাথী বানিয়েছেন অনন্তরেখা। নারী শিক্ষায় অবদান রেখে এরইমধ্যে পরিচিতি পেয়েছেন রেখা রানী। নির্মাতা বলেন, ‘‘আমার এবারের তথ্যচিত্রটিও একজন নারীর সংগ্রাম ও অনুপ্রেরণার গল্প ঘিরে। ওনাকে হয়তো আপনারা অনেকেই চিনতে পারবেন। তিনি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার মেয়ে কুমারী রেখা রানী ওঝা। তিনি নারীশিক্ষার প্রসারে ‘রেখা রানী গার্লস হাই স্কুল’ নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন।’’
রেখা রানীকে নিয়ে নির্মাণের কারণ ব্যাখ্যা করে নির্মাতা বলেন, ‘আজকাল সবাই পাওয়া-না পাওয়ার হিসেবে কষে বেড়াচ্ছি। এখানেই ব্যতিক্রম রেখা রানী ওঝা। এমন এক মহৎ হৃদয়ের নারী যিনি জীবনের সমস্ত উপার্জন; এমনকি শেষ সম্বল সরকারি পেনশনের পুরো অর্থ বিক্রি করে নারী শিক্ষার জন্য একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। নিজের উদ্দেশ্য সাধনের লক্ষ্যে এতটাই অটল ছিলেন যে বিয়ে পর্যন্ত করেননি। তাঁর এই ত্যাগই আমাকে গভীরভাবে উদ্বুদ্ধ করেছে।’
অনন্তরেখার কেন্দ্রীয় চরিত্রে রেখা রানী ওঝা নিজেই অভিনয় করেছেন। সাথীর কথায়, ‘যেহেতু এটি জীবনভিত্তিক বস্তুনিষ্ঠ তথ্যচিত্র, তাই এখানে পেশাদার কোনো অভিনয়শিল্পী কাজ করেননি। সম্পূর্ণ তথ্যচিত্রটিতে রেখা রানী ওঝার সরাসরি উপস্থিতি, তাঁর আশেপাশের পারিপার্শ্বিকতা এবং বাস্তব জীবনের গল্পগুলো তুলে ধরার চেষ্টা করেছি। প্রামাণ্যচিত্রের শুটিং করা হয়েছে গোপালগঞ্জের কোটালিপাড়ায়।’

শুরু হয়েছে ‘কানেক্টহার ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৭’-এর সাবমিশন। এরইমধ্যে প্রতিযোগিতায় লড়তে ‘অনন্তরেখা’ জমা দিয়েছেন সাথী। এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য আমি প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা।
বলে রাখা ভালো, সাথীর প্রথম সিনেমা ‘রেশমা: এ স্ট্রাগল ফর আইডেন্টিটি’ কানেক্ট এইচইআর ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬-এ সেরা ছবির পুরস্কার জেতে। সিনেমাটিতে উঠে এসেছিল সুরাইয়া ফারহানা রেশমা নামের এক নারী উদ্যোক্তার জীবনের সংগ্রাম ও আত্মপরিচয়ের লড়াইয়ের গল্প।
আরআর