বিনোদন ডেস্ক
১৩ অক্টোবর ২০২৬, ০২:৩৩ পিএম
ভারতে চলমান সিজেপির বিক্ষোভের পক্ষে কথা বলায় সাইবার আক্রমণের শিকার হয়েছেন একাধিক শোবিজ তারকারা। এই তালিকায় আছেন অভিনেত্রী ও মডেল রোশেল রাও। শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সরকারকে সমালোচনা করায় তিন হাজারের বেশি ফলোয়ার হারিয়েছেন তিনি। পড়েছেন ট্রোলের মুখে। এমনকি অনেক অভিনয়শিল্পীর পোস্ট সোশ্যাল মিডিয়া থেকে মুছে দেওয়া হয়েছে। সরকারের সমালোচনার পর এবার সাইবার আক্রমণ নিয়ে মুখ খুলেছেন রোশেল।
ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, প্রতিবাদ শুরু হওয়ার পর থেকে ৩০০০ ফলোয়ার হারিয়েছি; পরিবারের সদস্যরা আমাকে চুপ থাকতে বলছেন। কিন্তু আমি শুধু আমার দাদা স্যার এম. ভেঙ্কটাসুব্বা রাও-এর কথা ভাবছি, যিনি মাদ্রাজ হাইকোর্টের পুইজন জজ হিসেবে নিযুক্ত প্রথম ভারতীয়। তাঁর প্রতিপক্ষের কাছে অযোগ্য মনে হওয়া মামলাগুলো পরিচালনা করার জন্য ছুটির দিনেও হাইকোর্টে যেতেন। তিনি কর্মজীবনে নানা অপমান ও বর্ণবাদী কটূক্তি সহ্য করেও কখনো হাল ছাড়েননি। আমাদের স্বাধীনতা ও ঐতিহ্যের স্মারক হিসেবে তিনি যেসব গাছ রোপণ করেছিলেন, আজও তা আমাদের বাড়িতে দাঁড়িয়ে আছে। তাঁর স্ত্রী লেডি আন্দালের কথাও ভাবছি, যিনি তামিলনাড়ুর প্রথম নারীবাদীদের অন্যতম একজন ছিলেন। তিনি চেন্নাইয়ের নারীদের স্বাধীনতা আন্দোলনের প্রতীক ছিলেন।
এ ছাড়া তাঁর জার্মান দাদি ও ব্রিটিশ দাদার কথা উল্লেখ করে তিনি বলেন, তাঁর দাদা ব্রিটিশদের সাথে লোভনীয় পেনশন ও আরাম-আয়েশের জীবন বেছে না নিয়ে এই দেশে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। পূর্বপুরুষদের সাহসিকতার কথা তুলে ধরে রোশেল প্রশ্ন তোলেন, বর্তমান পরিস্থিতিতে দেশের যুবসমাজকে যখন চোখের সামনে আঘাতের মুখোমুখি হচ্ছে এবং তাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে, তখন তিনি যদি ভয়ে চুপ করে বসে থাকেন, তবে তাঁর পূর্বপুরুষরা কী বলতেন?
ট্রোলকারীদের উদ্দেশ্যে রোশেল বলেন, ‘আর যারা আমাকে ভাতের বস্তা বলতে চান, বলুন। আমি গর্বের সাথে অভাবীদের চাল বিলিয়ে দেব। সেই সাথে নিপীড়িতদের কথা তুলে ধরব; কণ্ঠহীনদের হয়ে কথা বলব, কারণ এটাই আমার উত্তরাধিকার।’
ইএইচ/