বিনোদন ডেস্ক
১০ অক্টোবর ২০২৬, ১১:৪২ এএম
দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন দেশের জনপ্রিয় সংগীত পরিচালক, সুরকার ও কণ্ঠশিল্পী ইবরার টিপু। যুক্তরাষ্ট্রে চিকিৎসা চলছে তার। সম্প্রতি গুরুতর অসুস্থ টিপু। খবরটি সামাজিক মাধ্যমে জানিয়েছেন জনপ্রিয় গীতিকার কবির বকুল।
নিজের ফেসবুকে অসুস্থ ইবরার টিপুর একটি ছবি প্রকাশ করেছেন কবির বকুল। সঙ্গে জানিয়েছেন তার অসুস্থতার কথা। বকুল লিখেছেন, ‘আমার ভাই, আমাদের সবার প্রিয় সংগীত পরিচালক ইবরার টিপু খুব অসুস্থ। গত প্রায় দুই বছর ধরে কিডনি ক্যানসারের সাথে লড়ছেন, যুক্তরাষ্ট্রে চিকিৎসা চলছে। কিছুদিন আগে তার ব্রেন সার্জারিও হয়েছে। বেশ অনেক দিন হাসপাতালে থাকার পর এখন তিনি বাসায় ফিরেছেন। তার স্ত্রী বিন্দু কণা জানালেন হাসপাতাল থেকে অনেকটা জোর করেই বাসায় নিয়ে এসেছেন টিপুকে। কারণ সেখানে তার সঠিক চিকিৎসাটা হচ্ছিল না বলেই পরিবার মনে করেছেন।’
_20261010_114148581.jpg)
কবির বকুলের মতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ইবরার টিপু। তার সঙ্গে শেষ সাক্ষাতের স্মৃতিচারণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ গীতিকার। লিখেছেন, ‘একটু আগে ভিডিও কলে আমার সহধর্মিণী দিনাত জাহান মুন্নী কথা বলিয়ে দিলেন টিপুর সাথে। তার সাথে শেষ দেখা হয়েছিল এ বছর রোজার ঈদে। অসুস্থ শরীর নিয়ে তিনি এসেছিলেন আমাদের নিউইয়র্কের বাসায়। আজ অনেক দিন পর ইবরার টিপুর সাথে কথা হলো। মানুষটা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন। এই অবস্থায়ও চোখে-মুখে সেই পরিচিত মায়া। দূরে আছি, কিছুই করতে পারছি না, ভেতরটা ভেঙে যাচ্ছে।’
বাংলা সংগীতকে সমৃদ্ধ করেছেন ইবরার টিপু। অসংখ্য জনপ্রিয় গানের সুরকার-সংগীত পরিচালক তিনি। তার সঙ্গে একাধিক গানও করেছেন কবির বকুল। সেসব উল্লেখ করে লিখেছেন, ‘‘ইবরার টিপু আমাদের অনেক কালজয়ী গান দিয়েছেন। ‘তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না’, কিংবা ‘ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে’, কিংবা ‘বেশ বেশ বেশ সাবাস বাংলাদেশ’। আমার সংগীত জীবনে তার সাথে অনেক কাজ করার সৌভাগ্য হয়েছে। আমার দেখা একজন মৃদুভাষী, সদাহাস্য সজ্জন মানুষ- হঠাৎ যেন তার পৃথিবী উল্টে গেল। সবশেষে ইবরার টিপুর জন্য চেয়েছেন এ গীতিকার। সেইসঙ্গে সৃষ্টিকর্তার কাছে কামনা করেছেন তার সুস্থতা।’’

অনেকদিন ধরেই সপরিবারে যুক্তরাষ্ট্রে আছেন টিপু। তার ক্যানসার আক্রান্তের খবর সংগীত সংশ্লিষ্ট অনেকেই জানতেন। বিষয়টি সামজিক মাধ্যমে প্রকাশ্যে আসে গেল জুলাইয়ে। সে সময় টিপুর একটি ছবি ছড়িয়ে পড়লে তার শারীরিক অবস্থা নিয়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর উদ্বেগ তৈরি হয়। এরপর টিপুর স্ত্রী বিন্দু কণা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে তার ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়টি জানান।
আরআর