Dhaka Mail Logo

বিনোদন

জীবনে ভাবিনি মাছওয়ালি হতে হবে: কৌশানী

বিনোদন ডেস্ক

০৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পিএম

চেহারায় নেই মেকাপের আধিপত্য, সাধারণ শাড়ি সাদামাটা ভাবে পরা। চুল টান টান করে খোপা বাঁধা। রাস্তার ধারে কলাহাস্য করে বসে আছেন মাছের ঝুড়ি নিয়ে। ক্রেতাদের নজর কাড়তে ছাড়ছেন হাঁক। দেখে বোঝার উপায় নেই ইনি কৌশানী মুখোপাধ্যায়।

সামাজিক মাধ্যমে এমন রূপেই ধরা দিয়েছেন কৌশানী। বেশকিছু ছবি ও ভিডিও প্রকাশ পেয়ছে তার। যেখানে মাছওয়ালি হিসেবে দেখা গেছে। তবে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। অভিনয় ছেড়ে মাছের ব্যবসায় নামেননি নায়িকা। যা করেছেন সব ‘বহুরূপী’ সিনেমার সিক্যুয়েলের প্রয়োজনে। 

ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘ছ্যাঁচড়াপুর ১ নম্বর প্ল্যাটফর্মের ঝিমলি যখন মাছওয়ালি।’ যেখানে দেখা গেছে, ‘দুশো দুশো, সিলভার দুশো! বড় মাছ, টাটকা মাছ! নিয়ে যান, নিয়ে যান!’ হাক ছেড়ে ক্রেতা ডাকছেন অভিনেত্রী। নিখুঁত মাছওয়ালা হয়ে ওঠা কৌশানীকে মনে ধরেছে নেটিজেনদের। 

তবে দেখতে নিখুঁত মাছওয়ালি মনে হলেও চরিত্র ধারণ যে বেগ পেতে হয়েছে তা স্পষ্ট। বটির সামনে বসে মাছ কাটতে গিয়ে নাজেহাল হতে দেখা গেছে তাকে। মাছ নিয়ে বটির কাছে ঘষতে ঘষতে মজার ছলে নিজের দুর্দশার কথা জানিয়েছেন। বলেছেন, ‘ম্যায় লুট গয়ি, ম্যায় বরবাদ হো গয়ি! দুটো টাকার জন্য কত কী করতে হয়! জীবনে ভাবিনি মাছওয়ালি হতে হবে।’

আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘বহুরূপী ২’। আগের পর্বেও ঝিমলি রূপে দেখা গিয়েছিল তাকে। এবারও তাই। প্রচারে বেশ নজর কেড়েছে ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’। হলে কতটা দর্শক সেটাই দেখার বিষয়। 

আরআর