বিনোদন ডেস্ক
০৭ অক্টোবর ২০২৬, ০৪:০২ পিএম
মেক্সিকোতে সিনথিয়া আবিগেইল তামেজ রিভেরা নামের এক জনপ্রিয় টিকটকারসহ তাঁর তিন সন্তান ও স্বামীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর মেক্সিকোর মন্টমোরেলোস এলাকায় একটি জিপ গাড়ির ভেতর থেকে সিনথিয়া আবিগেইল তামেজ রিভেরার মরদেহ উদ্ধার করা হয়। তিনি টিকটকে সিন্ডি তামেজ নামে পরিচিত। মৃত্যুকালে ইনফ্লুয়েন্সারের বয়স হয়েছিল ৩৪ বছর। তাঁর মরদেহের পাশেই একটি বন্দুক পাওয়া যায়। এছাড়া গাড়ির ভেতর তাঁর দুই বছরের ছেলে গুস্তাভোর মরদেহও পাওয়া যায়, যার বুকে গুলির চিহ্ন ছিল। পুলিশের তথ্যমতে, সিনথিয়ার মাথায় গুলির আঘাতের চিহ্ন ছিল।
এই ঘটনার একটু সামনে তাঁর স্বামী লিওদেগারিও ময়া এবং অন্য দুই বড় ছেলে ক্রিশ্চিয়ান ও ব্রুনোর গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। ক্রিশ্চিয়ানের বয়স ১২ এবং ব্রুনোর বয়স ১১ বছর ছিল।
নিউও লিয়ন রাজ্যের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের প্রাথমিক তদন্ত অনুযায়ী, সিনথিয়া প্রথমে তাঁর স্বামী ও সন্তানদের হত্যা করেন। পরে নিজে আত্মহত্যা করেন।
তবে তদন্ত এখনও শেষ হয়নি। ঘটনার পেছনের আসল রহস্য উন্মোচন করতে পুলিশ সিসিটিভি ফুটেজ, ফরেনসিক ও ব্যালিস্টিক প্রমাণ বিশ্লেষণ করছে।
সিন্ডি তামেজের টিকটকে ৯৬ হাজারের বেশি ফলোয়ার ছিল। তিনি মূলত নিজের পোশাক এবং মেক্সিকোর দৈনন্দিন জীবনের নানা ভিডিও শেয়ার করতেন।
মৃত্যুর দিন (৩০ সেপ্টেম্বর) তিনি একটি রহস্যজনক পোস্ট করেছিলেন। গাড়ির ড্যাশবোর্ডের একটি ভিডিওর ওপর লিখেছিলেন, ‘সবাই আমার অন্ধকার দিকটা জানে না। নিজের ঘর পুড়ে যাওয়ার পরও যদি প্রতিবেশীর ঘর পোড়া দেখতে হয়, আমি সেটাও করতে পারি। আমি জানি এতে আমার নিজেরও ক্ষতি হবে।’
ইএইচ/