বিনোদন ডেস্ক
০৭ অক্টোবর ২০২৬, ১১:৪৮ এএম
দুই দশকের বেশি সময় ধরে আর্জেন্টিনার জার্সিতে ভক্তদের হাসিয়েছেন, কাঁদিয়েছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। আজ বুধবার বেনিনের বিপক্ষে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। মেসির শেষ অধ্যায়ের সাক্ষী হতে মনুমেন্টালে হাজির হয়েছিলেন ৮৫ হাজারের বেশি দর্শক। সবার চোখ ভিজে উঠেছিল অশ্রুতে।
মেসির শেষ ম্যাচকে কেন্দ্র করে আবেগঘন পোস্ট করেছেন শোবিজ তারকারা। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার লিখেছেন, ‘ভাই আজ খেলবে ভোরবেলায়। দেখার সুযোগ হবে না। আপনারা দোয়া রাখবেন যেন ভাই অন্তত একটা গোল করতে পারেন। তা না হলেও যেন অ্যাসিস্ট পারেন। শুধু উনি মাঠে নামলেও প্রিয় মেসি, প্রিয় মানুষ এবং অনুপ্রেরণার মানুষ হিসেবে সম্মানে থাকবেন চিরকাল। যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। বন্ধু বিদায়।’
অভিনেতা ইরফান সাজ্জাদ লিখেছেন, ‘আমাদের সোনালী যুগের জাদুকর তোমার যাত্রা শেষ হলেও আমাদের স্মৃতিতে তুমি থাকবে আজীবন! শেষবারের মতো আরও একবার লিওনেল মেসি।’
চিত্রনায়ক ওমর সানী লিখেছেন, ‘মেসি তুমি হচ্ছো ফুটবলের এলিয়েন, যাকে আমি নিজ চোখে দেখেছি। আমি এবং আমরা সার্থক তোমার খেলা দেখার জন্য। যদিও আমি ব্রাজিলের সাপোর্টার, তবুও স্যালুট ফুটবলের এলিয়েন।’
বেনিনের বিপক্ষে ম্যাচের প্রথম অর্ধে একাধিক আক্রমণ চালিয়েও জালের দেখা পায়নি আর্জেন্টিনা। তবে বিরতির পর মাঠে ফিরতেই ম্যাচের মোড় ঘুরে যায়। ৪৮তম মিনিটে পাওয়া কর্নারে নিখুঁত এক ক্রস বাড়ান মেসি। প্রতিপক্ষের বক্সে থাকা ওতামেন্দি বলটিকে দুর্দান্ত এক ভলিতে প্রতিপক্ষের জালে জড়িয়ে দেন।
মেসির মাপা কর্নার আর ওতামেন্দির নিখুঁত শটে উল্লাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম। গোল করার ঠিক দুই মিনিট পরই কোচ তাকে তুলে নিলে স্মরণীয় এক ম্যাচ নিয়ে মাঠ ছাড়েন এই তারকা ফুটবলার।
ওতামেন্দির উঠে যাওয়ার পরও আক্রমণে আধিপত্য ধরে রাখে স্বাগতিকরা। ম্যাচের ৬১তম মিনিটে আবারও দেখা যায় মেসির পায়ের জাদু। মাঠের ডান প্রান্ত থেকে বক্সে দারুণ এক বল বাড়ান আর্জেন্টিনা অধিনায়ক। সেখান থেকে ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তরুণ প্রতিভাবান নিকো পাজ। অধিনায়কের দুই চমৎকার অ্যাসিস্ট ও সতীর্থদের লক্ষ্যভেদে এক স্মরণীয় জয় সুনিশ্চিত করে আর্জেন্টিনা।
সতীর্থদের দিয়ে গোল করানোর পর কেবল নিজের একটি গোলের অপেক্ষা ছিল। ৬৮ মিনিটে সেই স্বপ্নও পূরণ হয়। বক্সের ভেতর আগুস্তিন গিয়াইকে বেনিনের তামিমু উওরু ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান চিলির রেফারি। স্পট কিকে গোলরক্ষককে পরাস্ত করে নিজের বিদায়ী ম্যাচটি স্মরণীয় করে রাখেন মেসি।
ইএইচ/