বিনোদন ডেস্ক
০৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পিএম
এক পক্ষকাল আগে জনপ্রিয় ব্যান্ড ‘মেঘদল’-এর গিটারিস্ট এবং সাউন্ড ইঞ্জিনিয়ার রাশিদ শরীফ শোয়েবের ডেঙ্গু আক্রান্তের খবরে সরগরম হয় সামাজিক মাধ্যম। শোয়েব জানান অর্ধকোটির মতো পারিশ্রমিক বকেয়া তার। মায়ের জমানো টাকায় মেটাতে হচ্ছে হাসপাতালের বিল। যা ছুঁয়ে গিয়েছিল সহকর্মীদের মন। এবার হাসপাতালের বিছানায় শুয়েই পেলেন প্রথম আন্তর্জাতিক পুরস্কার।
কানাডার মোজাইক ফিল্ম ফেস্টিভ্যাল নিজের করে নিয়েছে মেজবাউর রহমান সুমনের 'রইদ' সিনেমাটি। একাধিক বিভাগে সেরার পুরস্কার জিতেছে ছবিটি। এ ছবির জন্য সেরা ফিল্ম মিউজিকের পুরস্কার পেয়েছেন রাশেদ শরীফ শোয়েব।

সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে গায়ক জানান, ''এখনও চিকিৎসাধীন তিনি। লেখেন, অসহ্য শারীরীক আর মানসিক যন্ত্রণা নিয়ে হাসপাতালের বিছানায় পড়ে থাকার এই দিনগুলোতে একটু আনন্দের উপলক্ষ্য হয়ে এলো এই সংবাদটি। 'রইদ'-এর মিউজিকের জন্য কানাডার মোজাইক ফিল্ম ফেস্টিভ্যালে সেরা ফিল্ম মিউজিকের পুরস্কার পেয়েছি আমি যেটা আমার ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি।''
ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক স্বীকৃতিতে উচ্ছ্বসিত শোয়েব। উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি ছবির বাকি পুরস্কারজয়ীদেরও জানিয়েছেন অভিনন্দন। রইদের জন্য মোজাইক ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন নাজিফা তুষি। সেরা সিনেমাটোগ্রাফারের পুরস্কার গেছে জোয়াহের মুসাব্বিরের ঝুলিতে। তাদের অভিনন্দন জানিয়ে শোয়েব লিখেছেন, ''একই সাথে নাজিফা তুষি সেরা অভিনেত্রী এবং জোয়াহের মুসাব্বির সেরা সিনেমাটোগ্রাফারের পুরস্কার পেয়েছেন। ওদের দুজনকে প্রাণঢালা অভিনন্দন। 'রইদ'-এর পরিচালক মেজবাউর রহমান সুমনসহ পুরো টিমের জন্য অশেষ ভালবাসা। আমার জন্য দোয়া করবেন।''

'রইদ' সিনেমার সংগীত করেছেন শোয়েব। ছবির গান 'রইদে আইলা গা জুড়াইতে'-এর ভিডিওতেও দেখা গেছে তাকে। এর আগে 'হাওয়া', 'স্বপ্নজাল' সিনেমার সংগীতে ছিলেন তিনি। তার কণ্ঠে একাধিক গানও হয়েছে জনপ্রিয়।
আরআর