বিনোদন ডেস্ক
০৩ অক্টোবর ২০২৬, ০২:০৫ পিএম
বিতর্কের শেষ নেই সারেগামাপা খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেলকে নিয়ে। একাধিক বিয়ে, অনৈতিক সম্পর্ক, মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা, অসংলগ্ন আচরণসহ বিভিন্ন অভিযোগে জর্জরিত ক্যারিয়ার। এবার সেই নোবেলকে এমনরূপে দেখা গেল যা রীতিমতো মুগ্ধ করছেন নেটিজেনদের।
সম্প্রতি সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি ও ভিডিও প্রকাশ করেছেন নোবেল। যেখানে তাকে দেখা গেছে স্ত্রী ও সন্তানের সঙ্গে। গায়কের ফেসবুকের কভার ফটোতে দেখা যাচ্ছে স্ত্রী সন্তানসহ। যাতে হ্যাপি ফ্যামিলির ছাপ স্পষ্ট। নেটিজেনদের অনেকেই এরকম মন্তব্য করেছেন।

ভিডিওতে একরত্তি ছেলের সঙ্গে দেখা গেছে গায়ককে। যেখানে সন্তানকে পাশে বসিয়ে গিটার বাজিয়ে জেমসের ‘বাবা’ গানটি গাইছেন। বাকি ছবিগুলোতেও পিতাপুত্র একসঙ্গে। ক্যাপশনে ছেলেকে বাপজান বলে সম্বোধন করেছেন শিল্পী। সেইসঙ্গে জানিয়েছেন ছবিগুলো তুলেছেন তার স্ত্রী। ভিডিও ধারণ করা হয়েছে টাঙ্গাইলের ধনবাড়ী নবাব বাড়িতে।
নোবেলের এমন শান্ত, সৌম্য, পারিবারিক রূপে মুগ্ধ নেটিজেনরা। শুভকামনা জানাচ্ছেন তারা। কেউ লিখেছেন, ‘এতো সুন্দর ছেলে থাকলে আর কী লাগে!’ কারও প্রত্যাশা, ‘ছেলের দিকে তাকিয়ে ফিরে আসুক আবার সেই সারেগামাপার নোবেল হয়ে।’ উচ্ছ্বসিত একজন লিখেছেন, ‘আমরা আপনাকে এভাবেই দেখতে চাই’।

গেল বছর ধর্ষণ মামলায় গ্রেফতার হন নোবেল। পরে বাদীকে করেন বিয়ে। সে ঘরেই আসে ফুটফুটে পুত্র সন্তান। কিছু দিন আগে মঞ্চে প্রকাশ্যে আনেন ছেলেকে। বিষয়টি মুগ্ধ করে শ্রোতাদের। স্ত্রী-পুত্রের সঙ্গে এবারের ছবি-ভিডিও দেখে এটা স্পষ্ট যে সুখে সংসার করছেন গায়ক। এবার কি তবে বিতর্কহীন নোবেলকে পাবেন শ্রোতারা? অনেকের কৌতূহল। সে জবাব দেবে সময়।
আরআর