Dhaka Mail Logo

বিনোদন

ঈদে আসছে ‘প্রিয়তমা’ নির্মাতা ও শাকিব জুটির ‘মহব্বত’ 

বিনোদন ডেস্ক

০২ অক্টোবর ২০২৬, ১০:৫১ এএম

ঢালিউড সুপারস্টার শাকিব খান ও নির্মাতা হিমেল আশরাফ জুটি মানেই নতুন উন্মাদনা। ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’-এর পর এবার ‘মহব্বত’ নিয়ে পর্দায় ফিরছেন তাঁরা। রোমান্টিক ও অ্যাকশন ঘরানার সিনেমাটি আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সিনেমাটি প্রযোজনা করছেন আরশাদ আদনান। তাঁরই প্রতিষ্ঠিত প্রযোজনা প্রতিষ্ঠান ‘ভার্সেটাইল মিডিয়া’-এর ব্যানারে নির্মিত হয়েছিল এই জুটির আগের আলোচিত সিনেমাগুলো। আদনানের সঙ্গে শাকিব-হিমেল জুটির হ্যাটট্রিক হতে যাচ্ছে ‘মোহাব্বাত’।

দর্শকদের মধ্যে কৌতূহল আরও বাড়িয়ে তুলেছে সম্প্রতি প্রকাশিত সিনেমার অফিসিয়াল ফার্স্ট লুক। বৃহস্পতিবার নির্মাতা হিমেল আশরাফ তাঁর সামাজিক মাধ্যমে পোস্টারটি শেয়ার করেন। পোস্টারে সুপারস্টার শাকিবের হাতে দেখা গেছে একটি বন্দুক এবং তাঁর ঠিক পেছনে দাঁড়িয়ে রয়েছেন এক নারী। তবে পোস্টারে শাকিব খান ও তাঁর সহশিল্পীর মুখ স্পষ্টভাবে দেখানো হয়নি। পোস্টারটি দেখে চলচ্চিত্রপ্রেমীদের ধারণা, নিখাঁদ রোমান্সের পাশাপাশি ভরপুর অ্যাকশন থাকবে সিনেমায়। 

পোস্টে নির্মাতা লেখেন, “কখনও কখনও ভালোবাসার সাথে চুকিয়ে দিতে হয় মূল্য, রাখতে হয় প্রতিশ্রুতি, করতে হয় লড়াই। ‘মহব্বত’ এক নতুন গল্পের, এক নতুন যাত্রার শুরু।”

পোস্টার প্রকাশ পেলেও ‘মহব্বত’ সিনেমায় শাকিব খানের বিপরীতে প্রধান নারী চরিত্রে কে অভিনয় করছেন, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি প্রযোজনা প্রতিষ্ঠান। ফলে দর্শকের মাঝে তৈরি হয়েছে নতুন উত্তেজনা— কে হবেন এই সিনেমার প্রধান নায়িকা?

এর আগে ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করে দুই বাংলায় ব্যপক সাড়া ফেলেছেন ইধিকা পাল। অন্যদিকে ‘রাজকুমার’-এ শাকিবের নায়িকা ছিলেন কোর্টনি কফি।