বিনোদন ডেস্ক
০১ অক্টোবর ২০২৬, ১১:৫০ এএম
ধূসর-সাদা চুল, বিরাট ভুঁড়ি, বলিরেখায় ভরা মুখ এবং সম্পূর্ণ ভিন্ন শরীরী ভাষা দেখে শুরুতে ভক্তদেরও অসুবিধা হচ্ছিল টম ক্রুজকে চিনতে। কেননা পরিপাটি সুদর্শন অ্যাকশন অবতারে দেখে অভ্যস্ত অভিনেতাকে এর আগে এরকম রূপে ভাবেনওনি কেউ। এবার এরকম চেহারায় তিনি ধরা দিচ্ছেন ‘ডিগার’ সিনেমায়।
এরইমধ্যে সে খবর জেনেছেন সবাই। ওয়ার্নার ব্রাদার্সের ব্যানারে ২ অক্টোবর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে আলেহান্দ্রো জি. ইনারিতু পরিচালিত ‘ডিগার’। মুক্তির দিন থেকে স্টার সিনেপ্লেক্সে দেখা যাবে সিনেমাটি। একই দিনে ‘রেসিডেন্ট ইভিল’ সিরিজের নতুন সিনেমাও মুক্তি পেতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্সে।
হরর সিনেমা ঘরানায় আলোচিত নাম ‘রেসিডেন্ট ইভিল’। জাপানি ভিডিও গেম প্রোডাকশন হাউস ক্যাপকমের জনপ্রিয় ভিডিও গেম সিরিজ ‘রেসিডেন্ট ইভিল’ অবলম্বনে প্রায় দুই যুগ আগে এই সিরিজ শুরু হয় হলিউডে। ২০০২ সালে মুক্তি পায় সিরিজের প্রথম ছবি। পরিচালক পল ডব্লিউ এস অ্যান্ডারসন মিলা জোভোভিচকে নিয়ে প্রথম সিনেমাটি নির্মাণ করেন। পরে সাতটি সিনেমার একটি সফল ফ্র্যাঞ্চাইজি হয়ে ওঠে। ২০২১ সালে ‘রেসিডেন্ট ইভিল: ওয়েলকাম টু রাকুন সিটি’ নামে রিবুট করে সনি পিকচার্স। পাঁচ বছর পর আবার দর্শকদের সামনে আসছে সিরিজের নতুন সিনেমা। এবারের সিনেমার নাম ‘রেসিডেন্ট ইভিল’। এটি দ্বিতীয় রিবুট এবং সামগ্রিক সিরিজের অষ্টম সিনেমা।
জ্যাক ক্রেগার পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন অস্টিন আব্রামস, জ্যাক চেরি, কলি রেইস, পল ওয়াল্টারসহ আরও অনেকে। এরইমধ্যে আলোচনা শুরু হয়েছে সিনেমাটি নিয়ে। এটি আগের রেসিডেন্ট ইভিল সিনেমাগুলোর সরাসরি সিক্যুয়েল নয়; বরং ভিডিও গেমের আবহ ও সারভাইভাল হরর ধারণাকে নতুনভাবে তুলে ধরা একটি রিবুট গল্প।
আরআর