বিনোদন ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পিএম
টলিউডের জনপ্রিয় অভিনেতা শঙ্কর চক্রবর্তীর রহস্যময় পোস্টকে কেন্দ্র করে সোমবার রাতে গুঞ্জন ওঠে মারা গেছেন তিনি। সম্প্রতি স্ত্রীকে হারিয়ে একা হয়ে পড়েছেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে কাজ নেই। এরইমধ্যে অভিনেতার পোস্ট, আমার জীবন ফুরিয়ে আসছে।
অভিনেতার রহস্যময় পোস্টে মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরবর্তীতে এক পোস্টে তিনি জানান, সম্পূর্ণ সুস্থ আছেন। শঙ্কর লেখেন, ‘ফেসবুকে আমার একটি পোস্ট দেখে সবাই ভাবল আমি মরে গেছি। কৌশিক গাঙ্গুলী থেকে শুরু করে অনেকেই রাতে ফোন করে উদ্বিগ্ন প্রকাশ করেন। আমি তাঁদের আশ্বস্ত করছি কোথাও যাইনি। আমি সুস্থ আছি। ঈশ্বর যতদিন চাইবেন বেঁচে আছি।’
শঙ্করকে আগামীতে পরিচালক সৃজিত মুখার্জির নতুন ছবি ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’-এ ছবিতে দেখা যাবে। এ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইধিকা পাল, যিশু সেনগুপ্ত, অনুজয় চ্যাটার্জি, টোটা রায়চৌধুরী, প্রমুখ। ইতোমধ্যে ছবির শুটিং শেষ হয়েছে।
উল্লেখ্য, একসময় নিয়মিত ছোটপর্দায় অভিনয় করতেন শঙ্কর। গত বছর দুয়েক সময় ধরে তিনি কোনো ধারাবাহিকে কাজ পাননি। এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, ‘ছোটপর্দায় গ্যাপ মানে, গত কয়েক বছর আমাকে নেওয়া হচ্ছে না। মাঝে দুইটি চ্যানেল লুক সেট করে, মক শুট করে বাদ দিয়ে দিয়েছে।’ বাদ পড়ার কারণ নিজেও জানেন না অভিনেতা। বললেন, ‘কোনো কারণ জানি না। জানতেও চাই না। কোনো অসুবিধা নিশ্চয় আছে। আমি হয়তো খারাপ অভিনেতা, সেই জন্য হয়তো বাদ দিয়েছে। ভবিষ্যতে যদি কেউ মনে করেন, আমি কাজ পারি আবার কাজ হবে।’
ইএইচ/