Dhaka Mail Logo

বিনোদন

রহস্যজনক মৃত্যু নারী ইনফ্লুয়েন্সারের, রহস্যের গন্ধ ইনস্টাগ্রাম পোস্টে

বিনোদন ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পিএম

ভারতীয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নিধি তিওয়ারির রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, আত্মহত্যা করেছেন তিনি। দেশটির সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

নিধির পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি দিল্লিনিবাসী এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন। ফোনালাপের সময় তাঁদের মধ্যে তর্ক হচ্ছিল। এরপর নিধি নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন। রাতে খাবারও খাননি। দীর্ঘসময় পর তাঁকে অচেতন অবস্থায় পাওয়া যায়। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে সোশ্যাল মিডিয়ায় নিধির সবশেষ পোস্টেও পাওয়া গেছে রহস্যের আঁচ। অন্য কাউকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসা উচিত। এরকম ইঙ্গিত দিয়ে তিনি লিখেছিলেন, ‘এই অসম্পূর্ণ হৃদয়কে কেউ পূর্ণ করতে পারেনি। তাই আমি নিজেই নিজেকে পূর্ণ করেছি। এজন্যই বলা হয়, নিজেকে ভালোবাসো অন্য কাউকে নয়। নিজের মধ্যে নিজেকে খুঁজে নাও। আর কতদিন অন্যের মধ্যে নিজেকে খুঁজবে?’

৩০ বছর বয়সী নিধির শেষ পোস্টের অর্থ খুঁজছেন অনেকে। এরইমধ্যে পুলিশ নেমেছে মাঠে। মৃত্যুর আগের মুহূর্তে ঠিক কী ঘটেছিল সেসব তদন্ত করছে তারা। ফোনের কল রেকর্ড, ডিজিটাল কার্যকলাপ এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যও খতিয়ে দেখা হচ্ছে।

২০২৪ সালে নিধি ‘মিস প্রিটি ইন্ডিয়া’ খেতাব জিতেছিলেন। সিনেমায়ও দেখা গেছে তাকে। পরে জায়গা করে নেন সামাজিক মাধ্যমে। ফেসবুকে তার ফলোয়ার রয়েছে প্রায় ৯ লাখ এবং ইনস্টাগ্রামে প্রায় ৭ লাখ। এ ইনফ্লুয়েন্সারের হঠাৎ মৃত্যুতে শোক নেমে এসেছে তার অনুসারীদের মাঝে। 

আরআর