বিনোদন ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ পিএম
টলিউডের জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত তখন বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের ফোর কিংবা ফাইভে পড়েন। সেই সময় স্কুলটিতে ইংরেজি পড়াতেন সুচিত্রা সেনের মেয়ে মুনমুন সেন। বিদেশ থেকে পড়াশোনা শেষ করে শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। ক্লাসে নিজের নাম লিখতেন শ্রীমতী সেন। স্কুলের ক্লাসে প্রথমবার মুনমুনের দেখা পেয়েছিলেন ছোট্ট রজতাভ। তবে ছাত্র ও শিক্ষিকার সম্পর্ক একসময় প্রেমে মোড় নেয়!
অবাক হচ্ছেন, স্কুল শিক্ষিকার সঙ্গে কীভাবে প্রেম হয়েছিল রজতাভের। আসলে তাঁদের দুইজনের প্রেম গড়ে উঠেছিল রুপালি পর্দায়। মুনমুন বাস্তবে শিক্ষক থাকলেও পর্দায় একে অপরের প্রেমে দেওয়ানা ছিল!
সম্প্রতি এক পডকাস্টে এসে মুনমুনের ঘটনাটি প্রকাশ করেছেন রজতাভ। তিনি জানান, ‘নীল নির্জনে’ নামের একটি ছবিতে দুজনে একসঙ্গে কাজ করেছিলেন। ছবিতে রজতাভ অভিনয় করেছিলেন এক প্রাক্তন সেনা অফিসারের চরিত্রে। ছবির গল্প অনুযায়ী, রজতাভের মেয়ের সঙ্গে মুনমুন সেনের মেয়ের বন্ধুত্ব গড়ে ওঠে, একই সময়ে পর্দায় মুনমুনের সঙ্গে শুরু হয় রজতাভের প্রেমের রসায়ন।

গল্পে প্রয়োজনে একসময়ের শিক্ষিকার সঙ্গে প্রেমের অভিনয় করতে হয়েছিল! ক্যামেরার সামনে রোমান্টিক দৃশ্য করতে গিয়ে ভীষণ অস্বস্তিতে পড়েছিলেন রজতাভ। অবচেতন মন বারবার মনে করিয়ে দিচ্ছিল, ‘ইনি তো আমার প্রিয় স্কুলশিক্ষিকা!’
২০০৩ সালে মুক্তি পায় ‘নীল নির্জনে’। ছবিটি পরিচালনা করেছেন সুব্রত সেন। অভিনয় করেছেন মুনমুন সেন, রাইমা সেন, রজতাভ দত্ত, জুন মালিয়া এবং অয়ন মিত্রের মতো জনপ্রিয় তারকারা। এছাড়া জনপ্রিয় বাংলা ব্যান্ড ‘ক্যাকটাস’-কেও এই ছবিতে দেখা গিয়েছিল।
ইএইচ/