Dhaka Mail Logo

বিনোদন

ফের নির্মাণে মোস্তাফিজুর নূর ইমরান, আসছে ‘জাদুকর’

বিনোদন প্রতিবেদক

২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ পিএম

ক্যামেরার সামনে শুধু নয়, পেছনেও সিদ্ধহস্ত মোস্তাফিজ নূর ইমরান। ‘জ্বিনের বাচ্চা’ তার প্রমাণ। এবার তিনি নির্মাণ করেছেন ‘জাদুকর’ নামের একটি ওয়েব কনটেন্ট। গ্রামের এক জাদুকরের মাধ্যমে মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের গল্প তুলে ধরেছেন। 

ঢাকা মেইলকে মোস্তাফিজুর নূর ইমরান বলেন, ‘‘জাদুকর’ আমার দ্বিতীয় প্রোডাকশন। গল্পটি ‘জ্বিনের বাচ্চা’র আগে রাজীব ভাইয়ের কাছে শুনি। তখনই ভালো লেগেছিল। সে সময় নির্মাণ করা হয়নি। এবার আনছি দর্শকের জন্য। এটি একটি সাইকোলজিক্যাল হরর। সঙ্গে বাস্তবতার মিশেল।’’

কোন ওটিটি প্ল্যাটফর্ম থেকে আসবে জানতে চাইলে মোস্তাফিজুর নূর ইমরান বললেন ‘সেটি এখনও নির্ধারিত হয়নি। আমরা দেশের সব ওটিটি মাধ্যমের সঙ্গেই কথা বলব। যেখানে সবকিছু মিলবে সেখান থেকেই আসবে।’ মুক্তির তারিখও চূড়ান্ত হয়নি বলে জানালেন এ নির্মাতা।

এরইমধ্যে প্রকাশ্যে এসেছে ‘জাদুকর’-এর পোস্টার। কেন্দ্রীয় চরিত্রে আছেন শরীফ সিরাজ। আরও অভিনয় করেছেন শাওয়ানা, আনোয়ার হক, রশিদ হারুন প্রমুখ। এর কাহিনি ও চিত্রনাট্য করেছেন রাজীব হোসেন।

রাজনৈতিক নেতা, পুলিশ অফিসার, সন্ত্রাসী হয়ে ক্যামেরায় মুগ্ধ করেছেন মোস্তাফিজুর নূর ইমরান। সবশেষে তাকে দেখা গেছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’-এ। এ ছবিতে সাদুর ভূমিকায় ছিলেন তিনি। দর্শকদের সকল মনোযোগ নিজের দিকে টেনেছিলেন। ছবিটি অস্কারের ৯৯তম আসরে বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে বাংলাদেশের চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে। 

আরআর