Dhaka Mail Logo

বিনোদন

শঙ্কামুক্ত নন ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

বিনোদন ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ এএম

হৃদরোগে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি হয়েছিলেন ‘হাঙর নদী গ্রেনেড’ সিনেমার রইছ চরিত্রের অভিনেতা বিজয় চৌধুরী। দুইদিন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তিনি। তবে এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি বলে গণমাধ্যমকে জানিয়েছেন তার ছেলে সাবিদ বিন আবু আজাদ চৌধুরী। 

পরিবার সূত্রে জানা গেছে, ‘চিকিৎসকের পরামর্শে শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হাসপাতাল থেকে অভিনেতাকে বাসায় নিয়ে যাওয়া হয়। আজাদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘আব্বুর শরীর এখন আগের চেয়ে কিছুটা ভালো। এখন একটু একটু কথা বলতে পারছেন, নড়াচড়া করতে পারছেন। তবে এখনও শঙ্কামুক্ত নন।’

অভিনেতাকে পিসিসিইউ থেকে কেবিনে নেওয়ার কথা ছিল। তবে কেবিন ফাঁকা না থাকায় বাসায় নেওয়া হয়েছে। সাবিদ বলেন, ‘হাসপাতালে কেবিন ফাঁকা না থাকায় চিকিৎসক অন্যত্র কোথাও ভর্তির পরামর্শ দেন। কিন্তু আব্বু বারবারই বলছিলেন বাসায় যাবে। তাই অন্য কোনো হাসপাতালে না নিয়ে আজকে সন্ধ্যায় বাসায় নিয়ে আসি। চিকিৎসক জানিয়েছেন, আব্বুর এখন পর্যাপ্ত ঘুম দরকার। পর্যাপ্ত ঘুম হলে দুই দিন পর তারা ইকো করবেন বলে জানিয়েছেন। আপাতত চিকিৎসকের পরামর্শে সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন তিনি। তবে দুই দিন পর আবার হাসপাতালে নিয়ে যেতে হবে।’

কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘হাঙর নদী গ্রেনেড’ রইছ চরিত্রে দেখা গিয়েছিল বিজয়কে। একটি চরিত্রই বিজয়কে দর্শকের ঘরের মানুষ করে তুলেছে। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ছবির পরিচালক চাষী নজরুল ইসলাম।

১৯৯৩ সালে পরিচালক রায়হান মুজিবের ‘প্রেমপ্রীতি’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় বিজয় চৌধুরীর।

ইএইচ/