Dhaka Mail Logo

বিনোদন

রক্তাক্ত রণবীর কাপুর, ভাইরাল ছবি! 

বিনোদন ডেস্ক

২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পিএম

অপেক্ষা ফুরাচ্ছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের বহুল প্রতীক্ষিত লাভ অ্যান্ড ওয়ার সিনেমাটি নিয়ে। প্রকাশ্যে এসেছে ছবিটির পোস্টার। যেখানে রক্তাক্ত দেখা গেছে রণবীরকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

আজ বৃহস্পতিবার প্রকাশ পেয়েছে রণবীরের ফার্স্ট লুক। যেখানে নীল রঙের ভিন্টেজ হুড খোলা গাড়িতে রক্তাক্ত অবস্থায় দেখা গেছে তাকে। পরনে হালকা রঙের পোলো টি-শার্ট। চোখে রোদচশমা। ‘স্লিকড-ব্যাক’ হেয়ারস্টাইল। ঠোঁটের ওপর সরু গোঁফ। এক হাত রক্তে ভেসে গেলেও অন্য হাতে শক্ত করে ধরে রেখেছেন গাড়ির স্টিয়ারিং। যাতে অভিভূত ভক্তকূল। ফলে রীতিমতো সরগরম সামাজিক মাধ্যম। 

পোস্টার প্রকাশ করে লেখা হয়েছে, ‘সেই একই আভিজাত্য, সেই দাপট, সেই আবেগ!’ পাশাপাশি মুক্তির তারিখও জানানো হয়েছে। ২০২৭ সালের ২১ জানুয়ারি মুক্তি পাবে সিনেমাটি। হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘লাভ অ্যান্ড ওয়ার’। বৈমানিকের ভূমিকায় দেখা যাবে রণবীরকে। ভিকি কৌশলকেও দেখা যাবে একই ভুমিকায়। ডাকসাইটে সব তারকা থাকায় দর্শকের উন্মাদনায় কমতি নেই।

এদিকে মুক্তির ঘোষণায় একরকম হাঁফ ছাড়ছেন রণবীর-আলিয়া আনুরাগীরা। কেননা ঘোষণার পর থেকে ছবিটি নিয়ে জটিলতা কাটছিল না। বিভিন্ন কারণে একের পর শুটিং পিছিয়েছে। মুক্তির তারিখ পিছিয়েছে। শুটিং সেটে দুর্ঘটনায় হয়েছে প্রাণহানি। এত ঝঞ্ঝাট পেরিয়ে এবার যেন আলোর মুখ দেখতে চলেছে পিরিয়ডিক্যাল সিনেমাটি। 

আরআর