Dhaka Mail Logo

বিনোদন

ছবির ছোট শিশুটি এখন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী

বিনোদন ডেস্ক

২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ এএম

ফ্যামিলি অ্যালবামের একটি পুরোনো ছবিতে গোলগাল চেহারার ছোট্ট এক শিশু। তার পাশে বসা বড় বোন। সামনে ক্যামেরা। কিন্তু লেন্সের দিকে কোনো খেয়াল নেই। নিজের মতো করে কোথাও তাকিয়ে আছেন। কে জানত সেই ছোট মেয়েটা একদিন বলিউড কাঁপানো গ্ল্যামার কুইন হয়ে উঠবেন। অভিনয়ের পাশাপাশি মোহিনী সৌন্দর্যে কাবু করবেন শত পুরুষকে। কাপুর পরিবারের উত্তরসূরি আর কেউ নন, জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান।

বলিউডের বিখ্যাত কাপুর পরিবারে জন্ম নেওয়া কারিনার রক্তে মিশে ছিল অভিনয়। দাদা রাজ কাপুর থেকে শুরু করে বাবা রণধীর কাপুরের হাত ধরে ভারতীয় সিনেমায় এই পরিবারের রাজত্ব। তবে পরিবারের রক্ত ও ঐতিহ্য থাকলেও কারিনার পথচলাটা মোটেও সহজ ছিল না। ২০০০ সালে জে. পি. দত্তের ‘রিফিউজি’ সিনেমার মাধ্যমে অভিষেক ঘটে তার। প্রথম ছবিতে নজরকাড়া অভিনয়। সেরা নবাগত হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার জিতে নেন তিনি। ইন্ডাস্ট্রিকে জানান দেন, তিনি উত্তরসূরি পরিচয়ে বড় হতে আসেননি। বরং নিজে ইতিহাস গড়তে এসেছেন।

চলচ্চিত্রে নাম লেখানোর ঠিক এক বছরের মাথায় করণ জোহরের তারকাবহুল ব্লকবাস্টার সিনেমা ‘কভি খুশি কভি গম’-এ অভিনয় করে রাতারাতি তারকাখ্যাতির চূড়ায় পৌঁছে যান কারিনা। এ ছবিতে তার চরিত্রের নাম ছিল ‘পূজা শর্মা’। তবে তিনি ‘পু’ নামেই বেশি পরিচিত ছিলেন। এরপর কিছু ছবিতে বাণিজ্যিক ব্যর্থতা আসলেও ঘুরে দাঁড়াতে সময় নেননি কারিনা।

শুধুমাত্র গ্ল্যামারাস নায়িকার গণ্ডিতে নিজেকে আটকে রাখেননি কারিনা। ২০০৪ সালে সুধীর মিশ্রের ‘চামেলি’ ছবিতে একজন যৌনকর্মীর চরিত্রে অভিনয় করে সমালোচকদের তাক লাগিয়ে দেন। তারপর বিশাল ভরদ্বাজের ‘ওমকারা’ এবং সুধীর মিশ্রের ‘দেব’-এর মতো চরিত্রে অভিনয় করে নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রাখেন।

বলিউড রোমান্টিক কমেডির ইতিহাসে এক অনন্য মাইলফলক হলো ২০০৭ সালের ‘জব উই মেট’। ছবিতে তার  ‘গীত’ চরিত্রটি দর্শকের মনে চিরকালের জন্য জায়গা করে নেয়। এই ছবির মাধ্যমে তিনি সেরা অভিনেত্রীর ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। এরপর ২০০৯ সালে মুক্তি প্রাপ্ত ‘থ্রি ইডিয়টস’ বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল। বিভিন্ন গণমাধ্যমের তথ্য থেকে জানা যায়, সিনেমাটি নির্মাণে ৭৭ কোটি রুপি ব্যয় হয়েছিল। বক্স অফিস কালেকশন ছিল প্রায় ৪০০.৬১ কোটি রুপি। এ ছাড়া ২০০৮ সালের ছবি ‘তাশন’-এর জন্য তার জিরো ফিগার লুক পুরো ভারতে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ঝড় তুলেছিল।

ক্যারিয়ারের মধ্যগগনে ২০১২ সালে অভিনেতা সাইফ আলী খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কারিনা। অনেকে ভেবেছিলেন হয়তো এখানেই তার ক্যারিয়ারের গতি মন্থর হয়ে যাবে। কিন্তু কারিনা থেমে থাকেননি। গর্ভাবস্থায় নিয়মিত শুটিং করতেন তিনি। বর্তমানে দুই সন্তান তৈমুর ও জেহকে লালান পালনের পাশাপাশি ওয়েব কনটেন্ট ও সিনেমায় কাজ করছেন। 

সাম্প্রতিক সময়েও ‘ক্রু’, ‘জানে জান’, ‘দ্য বাকিংহাম মার্ডার্স’-এর মতো থ্রিলারধর্মী সিনেমায় অভিনয় করেছেন। 

ইএইচ/