বিনোদন ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পিএম
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব পেলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহা. হারুন-অর-রশীদ। সোমবার (২১ সেপ্টেম্বর) এক অফিস আদেশে বিষয়টি জানায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের অফিস আদেশে বলা হয়, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে মোহা. হারুন-অর-রশীদকে মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
আদেশে আরও বলা হয়, নিয়মিত মহাপরিচালক যোগদান না করা পর্যন্ত মোহা. হারুন-অর-রশীদ এ দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে একাডেমির দৈনন্দিন কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় আর্থিক ব্যয়, কর্মচারীদের বেতন-ভাতাদি পরিশোধসহ প্রশাসনিক কার্যাবলি বিধি অনুযায়ী সম্পন্ন করবেন তিনি।
এর আগে শিল্পকলার মহাপরিচালকের দায়িত্বে ছিলেন কবি রেজাউদ্দিন স্ট্যালিন (শেখ রেজাউদ্দিন আহমেদ)। ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর মহাপরিচালক পদে তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। মেয়াদ পূর্ণ হলে পদটি শূন্য হয়। এরপরই দায়িত্ব দেওয়া হলো মোহা. হারুন-অর-রশীদকে।
২০২৪-এর ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে মহাপরিচালকের পদ ছাড়েন লিয়াকত আলী লাকী। সে বছরের ৯ সেপ্টেম্বর নাট্যনির্দেশক ও গবেষক অধ্যাপক সৈয়দ জামিল আহমেদকে দুই বছরের জন্য ওই দায়িত্ব দিয়ে পুনর্গঠন করা হয় শিল্পকলা একাডেমির পরিষদ।
কিন্তু মন্ত্রণালয়ের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ২০২৫-এর ২৮ ফেব্রুয়ারি সৈয়দ জামিল আহমেদ পদত্যাগ করেন। সে বছরের ৪ মার্চ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেনকে ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
এরপর ২০২৫-এর ১৪ সেপ্টেম্বর এক অফিস আদেশে সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়। এর এক সপ্তাহের মাথায় সেই দায়িত্ব পান রেজাউদ্দিন স্টালিন।
আরআর