বিনোদন ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পিএম
পাশের দেশের হয়েও এদেশের মানুষের বড় আপন কবীর সুমন। ভালোবেসে এপারের শ্রোতারা তাকে ‘গানওয়ালা’ ডাকেন। গায়কও ভালোবাসার সম্মান স্বরুপ বাংলাদেশকে তার গানের দেশ বলে আখ্যায়িত করেছিলেন। ফের তিনি সম্মানিত হতে যাচ্ছেন এ দেশে।
কবীর সুমনকে ট্রিবিউট করতে বেছে নেওয়া হয়েছে তারই গানের লাইন ‘হঠাৎ রাস্তায় অফিস অঞ্চলে’। এই শিরোনামে বনানীর বাটারনোট জ্যাজ ক্যাফেতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে ‘আজব কারখানা’। ২ অক্টোবর সন্ধ্যা ৭টায় শুরু হবে অনুষ্ঠানটি। এতে গান শোনাবেন সংগীত শিল্পী ও সং রাইটার অটামনাল মুন, রেজাউল করিম লিমন ও নাহিদ হাসান। সুমনের পাশাপাশি নিজেদের গানও শোনাবেন তারা।
এ প্রসঙ্গে আজব কারখানার কর্ণধার সংগীত শিল্পী জয় শাহরিয়ার বলেন, ‘যাদের গান শুনে আমরা গায়ক গীতিকার বা সিঙ্গার সং রাইটাররা অনুপ্রেরণা পাই, তাদের মধ্যে অন্যতম কবীর সুমন। সেজন্য তাকে বিশেষভাবে সেলিব্রেট করা বা ট্রিবিউট দেওয়ার জন্য আমাদের এই আয়োজন।’
অনুষ্ঠানে দুই ধরণের টিকিট রাখা হয়েছে বলে জানান আজব কারখানার কর্ণধার। অগ্রিম সংগ্রাহকরা ৭০০ টাকায়-ই পাবেন। ভেন্যুতে গিয়ে টিকিট কিনলে খরচ করতে হবে ১০০০ টাকা। বিস্তারিত তথ্য পাওয়া যাবে আজব কারখানার ফেসবুক পেজে।
আরআর