Dhaka Mail Logo

বিনোদন

বাকবিতণ্ডার জেরে ইনফ্লুয়েন্সারকে গুলি করে হত্যা

বিনোদন ডেস্ক

২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পিএম

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলের তেরেসিনা শহরের একটি ক্লাবের ভেতরে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন রাফেলা কাব্রাল নামের এক নারী ইনফ্লুয়েন্সার। গত রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলের দিকে মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত রাফেলা একাধারে একজন ম্যাসেজ থেরাপিস্ট, আইনের শিক্ষার্থী এবং কাইটসার্ফিং প্রশিক্ষক ছিলেন। ইনস্টাগ্রামে তাঁর পচিশ হাজারের বেশি অনুসারী ছিল। 

ঘটনার দিন তেরেসিনার স্যাটেলাইট এলাকার ইঞ্জিনিয়ার্স ক্লাবে উপস্থিত ছিলেন রাফেলা। প্রাথমিক তথ্য অনুযায়ী, সেখানে একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে তাঁর সঙ্গে ক্লাবের কয়েকজনের বাকবিতণ্ডা শুরু হয়।  তর্কাতর্কি একপর্যায়ে সহিংস রূপ নেয়। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে হঠাৎ একজন  বন্দুকধারী রাফেলাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন। খবর পেয়ে চিকিৎসকরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের খবর পেয়ে সিভিল পুলিশ ও ফরেনসিক দল ঘটনাস্থলে এসে পৌঁছায়। পুলিশ আলামত সংগ্রহের জন্য পুরো ক্লাবটি সিলগালা করে দেয়। সিসিটিভি ফুটেজ পরীক্ষা এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নিয়ে অপরাধীকে শনাক্ত করার চেষ্টা চলছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত হামলাকারী পলাতক রয়েছে। পুলিশ তাকে গ্রেফতারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে তেরেসিনা শহরে আরও দুইটি খুনের ঘটনা ঘটেছে। ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না তা এখনও নিশ্চিত করেনি পুলিশ। 

ইনফ্লুয়েন্সারের হত্যাকাণ্ডে সামাজিক মাধ্যমে অনেকে গভীর শোক প্রকাশ করেছেন তার অনুরাগীরা। মৃত্যুকালে তিনি দুই কন্যাসন্তান রেখে গেছেন। 

ইএইচ/