বিনোদন ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পিএম
পান থেকে চুন খসলেই তারকাদের নিয়ে ট্রোলিংয়ে মাতেন নেটিজেনদের এক অংশ। ‘বিগ বস ২০’-এর ‘উইকেন্ড কা ভ্যার’ পর্বে ক্যাটরিনা কাইফসহ বলিউড নায়িকাদের নিয়ে ট্রোলিংয়ের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড সুপারস্টার সালমান খান। অভিনেত্রীদের বডি শেমিং নিয়ে প্রতিবাদ করতে গিয়ে পাপারাজ্জির ক্যামেরা জুম করে নায়িকার শরীরের বিশেষ অংশ ধারণ করার তীব্র নিন্দা জানান তিনি।
সালমান বলেন, “অভিনেত্রীদের পেছন দিক থেকে ছবি তোলার যে প্রবণতা তৈরি হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।” নিজের পরিবারের উদাহরণ টেনে তিনি বলেন, “তারা পেছন থেকে শট নেওয়া পছন্দ করে না। এমনকি কোনো নায়িকাই পছন্দ করে না। এমন কয়েকজন হয়তো থাকতে পারে যারা বলে এটা ঠিক আছে, আমার আপত্তি নেই। কিন্তু যাদের ভালো লাগে না তাদের কী হবে? সম্প্রতি দেখেছি সাই মঞ্জরেকর এ নিয়ে ভীষণ অস্বস্তিতে পড়েছিল। নেহা ধুপিয়া এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে। আমার ভাগনি হেঁটে যাচ্ছিল, তারা পেছন দিক থেকে ছবি তুলতেই আছে। ক্যাপশনে লেখা থাকে, ‘আন্দাজ করুন তো ইনি কে?’ এটা করার তারা কে?”
সোশ্যাল মিডিয়ায় হেনস্থার শিকার অভিনেত্রীদের শক্ত হাতে প্রতিবাদ করার আহ্বান জানিয়ে সালমান আরও বলেন, “আমি সব মেয়েদের বলছি, যারা এটা পছন্দ করো না। যখনই এমন হবে, ঘুরে চড় মারবে। বলবে, নিজের মা-বোনদের পেছন থেকে শট নিয়ে সেগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিতে। আমরাও দেখি। পাপারাজ্জিরা প্রতিটা অনুষ্ঠানে সবসময় এই কাজ করে।”
উল্লেখ্য, এর আগে নেহা ধুপিয়া, আয়েশা খান, জাহ্নবী কাপুর, পলক তিওয়ারি, জেরিন খান এবং মানুষী চিল্লারসহ বহু অভিনেত্রী পাপারাজ্জিদের আচরণের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছিলেন।
ইএইচ/