Dhaka Mail Logo

বিনোদন

‘পুলিশ-আইনজীবী-গণমাধ্যম কথা বলবে, শুধু কথা বলবে না ১৩ বছরের অপ্রতিম’

বিনোদন ডেস্ক

২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধারে শোকাহত নেটিজেনরা। মৃত্যুর সংবাদে অনেকের ক্ষোভের বাঁধ ভেঙ্গেছে। সে তালিকায় আছেন অভিনেতা রাশেদ সীমান্ত। 

অপ্রতিমের একটি ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, “এখন পুলিশ কথা বলবে, আইনজীবী কথা বলবে, গণমাধ্যম কথা বলবে, সুশীল সমাজ কথা বলবে,আসামিপক্ষ কথা বলবে, আপনি কথা বলবেন, আমি কথা বলব, কেউ কেউ বলবে ‘আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছেন’। সবাই কথা বলবে শুধু কথা বলবে না ১৩ বছর বয়সী অপ্রতিম। এই দুনিয়ায় তার কথা বলা শেষ।”

রাশেদ যোগ করেন, “তবে অপ্রতিম কথা বলবে মহান আল্লাহর সাথে! নিশ্চয়ই সে মহান আল্লাহকে বলবে ‘হে আল্লাহ,যে দেশে আমার মত শিশু,অসহায় নির্দোষ মানুষকে বিনা অপরাধে নির্মমভাবে হত্যার শিকার হতে হয়। সেই ঘৃণ্য অপরাধীদের আপনি এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েন। যার ফলে সবাই বুঝতে পারে দেশে বিচার না থাকলেও আল্লাহর বিচার থেকে রক্ষা পাওয়া অসম্ভব। একই সাথে তাদেরও, যারা বিচার দায়িত্বে  থাকা শর্তেও ন্যায্য বিচার করেনি।”

রোববার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি উপশহরের গন্ধমতি কবরস্থানে চিরশায়িত হয়েছে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম।

এর আগে সকাল ১০টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে প্রথম ও পরে বেলা ১১টায় তার বাসা সংলগ্ন এলাকায় গন্ধমতি ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়।

ইএইচ/