Dhaka Mail Logo

বিনোদন

দুই বছর পর মিফতাহ জামানের একক কনসার্ট

বিনোদন প্রতিবেদক

২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পিএম

দুই বছর পর একক কনসার্ট নিয়ে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। আগামী ২৫ সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে তার একক কনসার্ট ‘অতঃপর অধরা’। বিকেল ৫টার দিকে শুরু হবে পরিবেশনা।

মাঝখানে বাকি মোটে চার দিন। এখন তাই মহড়ায় ব্যস্ত রয়েছেন শিল্পী ও তার সহশিল্পীরা। মিফতাহ জামান বলেন, ‘এই শো নিয়ে আমরা খুবই আনন্দিত। গত শোয়ের পর যে তৃষ্ণা ছিল, সময়ের সঙ্গে সেটা আরও বেড়ে গেছে। শ্রোতাদের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার জন্য মুখিয়ে আছি। এবার ভেন্যু শিল্পকলায়; বলা যায় নির্দিষ্ট সংখ্যক দর্শকের জন্য। কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনের চেয়ে কিছুটা ছোট পরিসরে। তবে আমরা ভীষণ আনন্দিত। এবার নতুন কিছু গানও পরিবেশন করব। পাশাপাশি আগের গানগুলোও থাকবে। পুরো দল মহড়া চালিয়ে যাচ্ছি। আশা করছি, দারুণ একটা পরিবেশনা হবে।’

image

এরই মধ্যে শুরু হয়েছে কনসার্টের টিকিট বিক্রি। অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিআইপি (নিচের গ্যালারি) টিকিটের দাম ১ হাজার ২০০ টাকা, আর সাধারণ (ওপরের গ্যালারি) টিকিট ৯০০ টাকা করে। তবে কোনো কাগজের টিকিট থাকছে না, পুরো প্রক্রিয়াই সম্পন্ন হবে ডিজিটাল মাধ্যমে। টাকা পরিশোধ করে টিকিট সংগ্রহের তথ্য মিলবে শিল্পীর ফেসবুক পাতায়।

এর আগে ২০২৪ সালের ৫ জুলাই রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে প্রথমবার একক কনসার্ট করেছিলেন মিফতাহ জামান। সে কনসার্টে অভূতপূর্ব সাড়া পেয়েছিলেন তিনি। তখন মিফতাহ জানিয়েছিলেন, এরকম একক কনসার্ট নিয়মিত করবেন। কিন্তু তার মধ্যেই দেশে রাজনৈতিক পটপরিবর্তনে কেটে গেছে লম্বা সময়। ছিল মিফতাহর নিজেরও ব্যস্ততা। তাই বড় পরিসরে দ্বিতীয় একক কনসার্ট নিয়ে আসতে একটু বেশিই সময় লেগে গেল।

image

জানা গেছে, বিশেষ এই কনসার্টে মিফতাহ শোনাবেন তার বিখ্যাত ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’, ‘প্রাপ্তিশূন্য’-এর মতো গানগুলো। সঙ্গে থাকবে তার কণ্ঠে নতুনভাবে জনপ্রিয় হওয়া পুরনো দিনের ‘হয়তো তোমারই জন্য’, ‘কী নামে ডেকে বলব তোমাকে’, ‘আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন’ গানগুলোও।