Dhaka Mail Logo

বিনোদন

আজ থেকে শুরু হচ্ছে ‘বকুলপুর ৩’

বিনোদন ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ পিএম

আজ ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ‘বকুলপুরে’র তৃতীয় সিজন। একদিকে যাত্রাপালার রঙিন জীবনের ভেতর নানা টানাপোড়েন, অন্যদিকে গ্রামীণ পটভূমির প্রেম ও ক্ষমতার দ্বন্দ্বে বকুলপুর সিজন-৩ দর্শকদের মাঝে হাজির করেছে নতুন ধরনের বিনোদন। এ মেগা ধারাবাহিকটি পরিচালনা করেছেন নির্মাতা হাসান রেজাউল। আগের দুটি সিজনের জনপ্রিয় হয়ে ওঠা চরিত্রগুলোর পাশাপাশি আরও নতুন চরিত্র যুক্ত হয়েছে।

গল্পে দেখা যাবে আব্বাস বেগ বকুলপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। হেরে গেছে প্রাক্তন চেয়ারম্যান দীবা। চেয়ারম্যান দায়িত্ব নিয়েই বকুলপুরের মানুষের অনুরোধে যাত্রা নিয়ে আসে আব্বাস। এরমধ্যে লীলাবতী সরকারের ওপর সন্ত্রাসী হামলা হয়। হামলা হয় আসমার ওপরও। এসআই ফরহাদের মনে হতে থাকে, এলাকায় এমন কেউ আছে যে বকুলপুরকে অস্থিতিশীল করে রাখতে চায়। কে সে? দাদাভাই? নাকি তার কোনো এজেন্ট? 

স্বপ্নীল প্রোডাকশন্স প্রযোজিত এ ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজিজুল হাকিম, সুষমা সরকার, তাহমিনা সুলতানা মৌ, আজাদ আবুল কালাম, দীপা খন্দকার, কচি খন্দকার, নরেশ ভুঁইয়া, শরাফ আহমেদ জীবন, সাইদুর রহমান পাভেল, আনিসুল হক বরুণ, সঞ্জীব আহমেদ, ডেভোরা কুইয়াহ সিলভিয়া, উপমা, অনু, দিশা, শাহেদ শাহরিয়ার, শাকিল আহমেদ, মঈন হাসান, শামীম মোল্লাহ, মুস্তাফিজ শাহিন প্রমুখ।

শনি-বৃহস্পতি প্রতিদিন সন্ধ্যা ৭টায় দীপ্ত টিভি, দীপ্ত প্লে ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাাটফর্মে প্রচারিত হবে ধারাবাহিকটি। 

আরআর