বিনোদন ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন চিত্রনায়ক মরতুজা পলাশ।জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিপরীতে থ্রিলার ঘরানার ‘শিকার’ সিনেমায় প্রধান নায়ক হিসেবে অভিনয় করছিলেন তিনি। নেপালে শুটিং শেষ করে দেশে ফেরার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত আগস্ট মাসে নেপালে শুরু হয় কামরুজ্জামান রোমান পরিচালিত ‘শিকার’ সিনেমার শুটিং। সেখানে একটানা ২৫ দিনের বেশি সময় ধরে সিনেমাটির বেশির ভাগ দৃশ্যের কাজ সম্পন্ন হয়। আগস্ট মাসের শেষের দিকে নেপালে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হলে শুটিং টিম দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত সূচি অনুযায়ী গত ২৮ আগস্ট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে পুরো ইউনিট। বিমানবন্দর থেকে হত্যা মামলায় আসামি হিসেবে মরতুজা পলাশকে গ্রেফতার করে পুলিশ।
বিমানবন্দর থেকে আটকের পর পলাশকে প্রথমে থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার একটি হত্যা মামলায় আদালতে সোপর্দ করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁকে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষ হওয়ার পর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের নির্দেশে বর্তমানে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশের একটি সূত্র দাবি করেছে, রিমান্ডে জিজ্ঞাসাবাদকালে মামলার ঘটনার সঙ্গে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং অন্যান্য আসামিদের বিষয়েও পলাশের কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে তদন্তকারীরা। যদিও এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
মরতুজা পলাশ কারাগারে আটক থাকায় ‘শিকার’-এর বাকি অংশের শুটিং অনিশ্চয়তার মুখে পড়েছে। নেপালে ছবির বেশিরভাগ শুটিং শেষ হলেও এখনও কিছু দৃশ্য এবং রোমান্টিক গানের শুটিং বাকি রয়েছে। নির্মাতার আগামী অক্টোবর মাস থেকে বাকি অংশের দৃশ্যধারণের কাজ শুরু করার পরিকল্পনা ছিল। কিন্তু নায়ক কারাগারে থাকায় সেই শিডিউল সম্পূর্ণ ভেস্তে গেছে।
এ বিষয়ে সিনেমার পরিচালক কামরুজ্জামান রোমান সংবাদমাধ্যমকে বলেন, “নেপালে ‘শিকার’-এর বেশির ভাগ অংশের শুটিং সফলভাবেই শেষ হয়েছে। আমাদের পরিকল্পনা ছিল আগামী অক্টোবরে দেশে ও অন্যান্য লোকেশনে বাকি কাজগুলো শেষ করার। কিন্তু আমাদের নায়ক মরতুজা পলাশ বর্তমানে কারাগারে থাকায় শুটিংয়ের কোনো চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা সম্ভব হচ্ছে না। পলাশ আইনিভাবে পুরো বিষয়টি মোকাবিলা করছেন। আমাদের প্রযোজনা প্রতিষ্ঠান ও পুরো টিম আশা করছে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি খুব দ্রুত মুক্তি পাবেন। তবে আইনি জটিলতা দীর্ঘায়িত হলে পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে, তা না হলে আমাদের হাতে আপাতত অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই।”
সীমান্ত এলাকার নানা রোমাঞ্চকর ঘটনা ও রহস্য নিয়ে এগিয়ে গেছে ‘শিকার’ সিনেমার কাহিনী। ছবিটির চিত্রনাট্য রচনা করেছেন চিত্রনাট্যকার আবদুল্লাহ জহির বাবু। চলচ্চিত্রে মরতুজা পলাশ ও অপু বিশ্বাসের ছাড়াও আরও অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু, সুমন আনোয়ার এবং পশ্চিমবঙ্গের খ্যাতিমান অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত ও শ্যাম ভট্টাচার্য।
ইএইচ/