Dhaka Mail Logo

বিনোদন

পুত্র সন্তানের মা হওয়ার গুঞ্জন, যা বললেন মৌসুমী হামিদ  

বিনোদন প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ এএম

সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে দাবি করা হয় জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ পুত্র সন্তানের মা হয়েছেন। সংবাদটি মুহূর্তের মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের মাঝে কৌতূহলের সৃষ্টি হয়। তবে বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী।

মা হওয়ার খবরে ঢাকা মেইলকে মৌসুমী রসিকতা করে বলেন, ‘আমার ছেলে হয়েছে, কিন্তু আমারে তো বলেনি! কেমন খারাপ বলুন তো? আমি তো কোথাও দেখলাম না। তাহলে কি আমার ছেলে হবে? আমার ছেলে হবে কি না জানি না, কিন্তু এরা তো আমাকে পুত্র সন্তানের মা বানিয়ে দিয়েছে। বাহ অসাধারণ! চিকিৎসকও বলেননি ছেলে নাকি মেয়ে হবে।’  

নিজের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে অভিনেত্রী জানান, তিনি সুস্থ আছেন এবং ভালো আছেন। ভক্ত ও শুভানুধ্যায়ীদের কাছে নিজের এবং অনাগত সন্তানের জন্য দোয়া চেয়েছেন তিনি।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর সামাজিক মাধ্যমে বেবি শাওয়ারের বেশ কিছু ছবি প্রকাশ করেন মৌসুমী। নিজের বাসার ছাদে আয়োজিত অনুষ্ঠানে প্রিয়জনদের সঙ্গে হাসি, আড্ডা ও আনন্দে মেতে উঠতে দেখা যায় হবু মাকে। অনুষ্ঠানে ছিলেন অভিনেতা শ্যামল মাওলা, নাজিয়া হক অর্ষা, অহনা রহমান, নূর ইমরান মিঠু ও গায়িকা ঐশীসহ আরও অনেকে। 

উল্লেখ্য, চলতি বছরের জুলাইয়ে ‘চরকি কার্নিভ্যাল’ অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবার মা হওয়ার সুখবরটি প্রকাশ্যে আনেন অভিনেত্রী মৌসুমী হামিদ।

ইএইচ/