বিনোদন প্রতিবেদক
১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ এএম
প্রেমের মায়া, অস্থিরতা আর প্রিয় মানুষের প্রতি আকর্ষণের গল্প নিয়ে প্রকাশ পেল কাজী শুভর নতুন গান ‘পিরিতের অসুখ’। গানটির কথা লিখেছেন গীতিকার সাইফুল বারী, সুর করেছেন প্লাবন কোরেশী। সংগীতায়োজন করেছেন আহমেদ সজীব। আর গানটিতে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ। ইতোমধ্যে গানটি প্রকাশিত হয়েছে কাজী শুভর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
‘ভাব দরিয়ায় পিরিত জলে / ভাসে তারই মুখ’—এই পঙ্ক্তি দিয়ে শুরু হওয়া গানটিতে প্রেমের টান ও আবেগের পাশাপাশি প্রিয় মানুষের রূপ-মায়ায় হারিয়ে যাওয়ার অনুভূতি উঠে এসেছে। লোকজ শব্দ ও আঞ্চলিক ভাষার ব্যবহারে গানটির কথায় পাওয়া গেছে আলাদা স্বাদ।
গানটি নিয়ে গীতিকবি সাইফুল বারী বলেন, পিরিতের অসুখ গানটির কথায় আমি প্রেমের সহজ-সরল অনুভূতিকে লোকজ ভাষায় তুলে ধরার চেষ্টা করেছি। প্রেমে পড়লে মানুষের ভেতরে যে অস্থিরতা তৈরি হয়, প্রিয় মানুষকে ঘিরে যে মায়া তৈরি হয়—সেই অনুভূতিটাই গানের কথায় প্রকাশ পেয়েছে।
শিল্পী কাজী শুভ বলেন, গানটির কথা প্রথম শুনেই আমার ভালো লেগেছে। সাইফুল বারী খুব সহজ-সরল ভাষায় প্রেমের অনুভূতিকে সুন্দরভাবে তুলে ধরেছেন। আমি নিজের সর্বোচ্চটা দিয়ে গানটি গাওয়ার চেষ্টা করেছি। আশা করছি গানটি শ্রোতাদের ভালো লাগবে।
এআর