Dhaka Mail Logo

বিনোদন

চুরির প্রায় চার বছর, উদ্ধার হয়নি গীতিকার মনিরুজ্জামান মনিরের ট্রফি

বিনোদন প্রতিবেদক

১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পিএম

২০২২ সালের নভেম্বরে নিজ বাসা থেকে চুরি হয় বরেণ্য গীতিকার মনিরুজ্জামান মনিরের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তিনটিসহ মোট পাঁচটি ট্রফি। আইনি পদক্ষেপ নিলেও চুরি যাওয়ার প্রায় চার বছরেও উদ্ধার হয়নি ট্রফিগুলো। ঢাকা মেইলকে জানিয়েছেন মনিরুজ্জামান মনির। 

তিনি বলেন, ‘ট্রফিগুলো উদ্ধার হয়নি। আমি জিডি করেছিলাম। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা করেছে। পুলিশ কয়েকবার বাসায় এসেছে। সরেজমিনে দেখেছে। কিন্তু উদ্ধার করতে পারেনি।’ গীতিকার জানালেন ট্রফিগুলো ফেরত পেতে সরকারের কাছে আবেদন করবেন।

এদিকে চুরির পর বাড্ডা থানায় জিডি (সাধারণ ডায়েরি) করেন মনিরুজ্জামান মনির। ডায়েরি নাম্বার ৩৬১। থানায় যোগাযোগ করা হলে ডিউটি অফিসার মো. হাফিজুর রহমান বলেন, ‘ঘটনাটি ২০২২-এর। আমি এ থানায় এসেছি ২০২৪ সালে। বিষয়টি এখন কোন পর্যায়ে আছে জানতে হলে আইডি নাম্বার দিয়ে খুঁজে দেখতে হবে।’ 

২০২২ সালের ৩ নভেম্বর মনিরুজ্জামান মনিরের পশ্চিম মেরুল বাড্ডার বাসার জানালা ভেঙে মোট পাঁচটি পুরস্কারের ট্রফি নিয়ে যায় অজ্ঞাতনামা কেউ। এরমধ্যে তিনটি ছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ট্রফি। সে বছরের ৫ নভেম্বর বাড্ডা থানায় জিডি করেন সাধারণ ডায়েরি করেন গীতিকার।

চুরি যাওয়া জাতীয় চলচ্চিত্র পুরষ্কারগুলো মনিরুজ্জামান মনির পেয়েছিলেন সেরা গীতিকার বিভাগে। এরমধ্যে একটি ছিল ১৯৮৮ সালে মুক্তি পাওয়া ‘দুই জীবন’ সিনেমার ‘তুমি ছাড়া আমি একা পৃথিবীটা মেঘে ঢাকা’ গানের জন্য। অন্য দুটি ১৯৮৯ সালের ‘চেতনা’ ছবির ‘এই হাত করে নাও হাতিয়ার’ এবং ১৯৯০ সালের ‘দোলনা’ চলচ্চিত্রের ‘তুমি আমার কত চেনা’ গানের জন্য। 

আরআর