Dhaka Mail Logo

বিনোদন

ফিলিস্তিনিদের জন্য ১০ লাখ ডলার অনুদানের ঘোষণা সেই র‍্যাপারের

বিনোদন ডেস্ক

১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ এএম

ফিলিস্তিনিদের পক্ষে কথা বলার জেরে এড শিরানের ‘লুপ ট্যুর’ থেকে বাদ পড়েন মার্কিন র‍্যাপার ম্যাকলমোর। সংগীত সফর থেকে ছিড়কে পড়ার কয়েকদিন পর এক বিবৃতিতে জানিয়েছেন, ট্যুর থেকে অর্জিত ১০ লাখ ডলার ফিলিস্তিনিদের সহায়তায় নিয়োজিত ছয়টি সংস্থায় দান করবেন তিনি। একই সাথে নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টস-এর মালিক ও মার্কিন প্রোমোটার রবার্ট ক্র্যাফটকেও তার অনুদানের সমপরিমাণ অর্থ দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এই র‍্যাপার।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে ‘ফ্রি প্যালেস্টাইন’ দাবি জানানোয় এড শিরানের মার্কিন সফর থেকে ম্যাকলমোরকে বাদ দেওয়া হয়। এ নিয়ে চারদিকে সমালোচনার ঝড় ওঠে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে নিজের প্রতিশ্রুতির কথা জানালেন ম্যাকলমোর।

বলেন, ‘গত ৪৮ ঘণ্টায় যা কিছু ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে আমি আলোচনাটিকে ফিরিয়ে আনতে চাই সেই ফিলিস্তিনি জনগণের কাছে, যারা এখনও নিহত হচ্ছেন,সামরিক দখলদারিত্বের অধীনে বাস করছেন এবং নিজেদের স্বাধীনতার জন্য লড়াই করছেন।’

তিনি যোগ করেন, “আমি এড শিরানের ‘লুপ ট্যুর’ থেকে আমার অর্জিত ১০ লক্ষ ডলার ফিলিস্তিনি জনগণকে সরাসরি সহায়তা প্রদানকারী ছয়টি সংস্থাকে দান করব। এবং রবার্ট ক্র্যাফটকে আমার এই অনুদানের সমপরিমাণ অর্থ দান করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের মধ্যে যে বিষয়ে মতপার্থক্য থাকুক না কেন, সম্ভবত আমরা এই বিষয়ে একমত হতে পারি: ফিলিস্তিনিদের জীবন রক্ষা করার যোগ্য। এই পৃথিবীতে একজন ফিলিস্তিনির জীবন অন্য যেকোনো জীবনের চেয়ে কোনো অংশে কম মূল্যবান নয়।”

ম্যাকলমোর আরও বলেন, ‘একটা চেক লিখে টাকা দিয়ে দেওয়াটা সংহতি প্রকাশ করার সবচেয়ে সহজ উপায়গুলোর একটা। আমি এটা করছি কারণ আমার সেই সামর্থ্য আছে। বিশ্বের মানুষ যখন শুধু বাকবিতণ্ডা নিয়ে ব্যস্ত তখন এই সংস্থাগুলো অন্তত মাঠপর্যায়ে সত্যিকারের মানবিক কাজগুলো করে যাচ্ছে।’

সবশেষে র‍্যাপার বলেন, ‘তবে শুধু আর্থিক সাহায্য দিয়ে এই সমস্যার স্থায়ী সমাধান হবে না। কারণ সংকট তৈরির আসল কারণগুলো বদলাবে না। এটি মানুষের তৈরি সংকট। এর জন্য রাজনৈতিক পরিবর্তন দরকার। ফিলিস্তিনিরা দশকের পর দশক ধরে মৌলিক অধিকার ছাড়াই বেঁচে আছে। স্বাধীনতার জন্য তাদের আর একটি দিনও যেন অপেক্ষা করতে না হয়। আমার মনোযোগ ঠিক এই জায়গাতে থাকবে।’

ম্যাকলমোরের প্রতিশ্রুত অনুদানপ্রাপ্ত ছয়টি সংস্থা হলো—প্যালেস্টাইন চিলড্রেন’স রিলিফ ফান্ড, হিল প্যালেস্টাইন, গাজা সুপ কিচেন, মেডিকেল এইড ফর প্যালেস্টাইনিয়ানস, ইউএনআরডব্লিউএ ইউএসএ ন্যাশনাল কমিটি এবং আমেরিকান নিয়ার ইস্ট রিফিউজি এইড।

এদিকে ম্যাকলমোরের অভিযোগের জবাবে নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টস এবং জিলেট স্টেডিয়ামের মালিক রবার্ট ক্র্যাফট দাবি করেন, তাদের ভেন্যু এমন কোনো অনুষ্ঠানের আয়োজন করবে না যা ঘৃণামূলক বক্তব্যের মঞ্চে পরিণত হয়। তবে ক্র্যাফট জানান, ম্যাকলমোরের চ্যালেঞ্জের আগে এড শিরান তাকে  ফিলিস্তিনের মানবিক সংকট মোকাবেলায় তার অনুদানের সমপরিমাণ ২০ লক্ষ ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিতে বলেছিলেন। ম্যাকলমোরের প্রতি সংহতি জানিয়ে এড শিরানের সফর থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে আইরিশ লোকসংগীত ব্যান্ড ‘বিওগা’।

ইএইচ/