বিনোদন প্রতিবেদক
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পিএম
সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা ফজলুর হক আর নেই। আজ ১৬ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটার দিকে মৃত্যু হয়েছে তার। ঢাকা মেইলকে খবরটি নিশ্চিত করেছেন সালমা নিজেই।
তিনি বলেন, ‘আজ সন্ধ্যার দিকে আমার আব্বু বাসায় মৃত্যুবরণ করেছেন।’ এদিকে সামাজিক মাধ্যমেও বাবার মৃত্যুর খবর জানিয়েছেন গায়িকা। সেখানে দশটার দিকে লিখেছেন, ‘আমার আব্বা আর নেই।’ সালমা জানান পোস্টের তিন ঘণ্টা আগে মৃত্যু হয় তার বাবার।
বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন সালমার বাবা। চলতি মাসের শুরুর দিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। নিজের ফেসবুকে সে খবর দিয়েছিলেন গায়িকা। অসুস্থ বাবার জন্য দোয়া চেয়েছিলেন এ কণ্ঠশিল্পী।
সালমার বাবার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। গায়িকার সহকর্মীরাও শোক প্রকাশ করেছেন। বাবাকে হারিয়ে শোকস্তব্ধ সালমা। তাই জানাজা ও দাফনের সময়-স্থান সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।