Dhaka Mail Logo

বিনোদন

প্রয়াত নির্মাতা সজীবকে চুপিচুপি খাইয়ে দিয়েছিলেন তানজিন তিশা

বিনোদন ডেস্ক

১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পিএম

মঙ্গলবার ভোরে দুনিয়ার মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তরুণ নাট্যকার ও নির্মাতা মারুফ হোসেন সজীব। তার মৃত্যুর পর সামাজিক মাধ্যমে উঠে আসছে তাঁর জীবনের নানা সংগ্রামের কথা। সম্প্রতি নির্মাতাকে নিয়ে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন ছোটপর্দার অভিনেত্রী মনিরা মিঠু। 

আজকে কি সজীবের মুখটা মনে পড়ছে সেই অহংকারী নায়কের— নির্মাতা সজীবের প্রয়াণে পর এভাবেই প্রশ্ন তুলেছেন অভিনেত্রী মিঠু। তিনি লেখেন, ‘তানজিন তিশা তোমার নিশ্চয় মনে পড়ছে সজীবের সেইদিনের কষ্টের কথা? বৃষ্টির দিনে কাদাপানিতে ভিজে ক্ষুধার্ত ও অসহায় অবস্থায় ‘নোঙর’ -এর শুটিং স্পটে এসেছিলেন সজীব। সেদিন নিজে চুপিচুপি খাইয়ে দিয়ে সজীবের শূন্য পকেটে কিছু দিয়ে অপমানিত মানুষটিকে কিছু মুহূর্ত বাঁচিয়ে দিয়েছিলে।’

তিনি আরও উল্লেখ করেন, “শোবিজের এক বিরল মেধাবী নায়কের ইশারায় অত্যন্ত সুচতুরতার সাথে সজীবকে‘নোঙর’-এর গেইট থেকে উপরে উঠতে নিষেধ করা হয়েছিল। শুধু তাই নয়, সজীবকে দেওয়া তিন দিনের শিডিউল ঈদের মাত্র চার দিন আগে হঠাৎ বাতিল করে দেওয়া হয়। কারণ হিসেবে দেখানো হয়—প্যারালাল ক্যারেক্টার! কার সাথে কার সমান্তরাল চরিত্র— এমন তুচ্ছ ও অদ্ভুত অজুহাতে অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়া হয়েছিল সজীবের জীবনকে।”

বিপদের দিন সজীবের পাশে আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছিলেন মিঠু, তৌসিফ মাহবুবরা। অভিনেত্রী মিঠু লেখেন, ‘তানজিন তিশা, তৌসিফ মাহবুব এবং আমি খুব সামান্য পারিশ্রমিকে ঈদের এক দিন আগে সকাল থেকে রাত একটা পর্যন্ত একটানা একটি নাটক করে দিলাম সজীবকে। কাজ শেষে ঈদের চাঁদের মতো হাসি হেসে সজীব সেদিন বলেছিলেন, ‘মিঠু আপু, অন্তত ঈদটা উদযাপন করতে পারব!’

সবশেষে প্রভাবশালী নায়কের উদ্দেশ্য তিনি লেখেন, ‘এখন তো গভীর রাত সজীব, তুমি শুয়ে আছো কবরে। সেই প্রতিভাবান নায়কের কি অন্তত আজ, শুধু আজকের রাতে। সজীবের মুখটা মনে পড়ছে?’