বিনোদন ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পিএম
চাতক যেমন মেঘের বরিষণ বিনে নিরুপায় শাহরুখভক্তরাও তেমন। অভিনেতার সিনেমা না দেখলে তাদের যেন অক্সিজেনে ঘাটতি পড়ে। তিন বছর ধরে অপেক্ষায় তারা। আসছে ডিসেম্বরে ‘কিং’-এর জন্য আছে মুখিয়ে। এরমধ্যে গুঞ্জন পিছিয়ে যাচ্ছে ছবিটি।
শুনে যখন নড়ে চড়ে ভক্তরা তখন লাগাম টানলেন কিং খান। জানালেন নির্দিষ্ট সময়ে মুক্তি পাবে সিনেমা। সেইসঙ্গে বললেন একাধিকবার চোটে নাকাল হয়ে শুটিং থমকে গিয়েও ছবিটি শেষ করার গল্প।
_20260915_165611646.jpg)
মাঝে মাঝেই সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে মাতেন শাহরুখ। সেখানেই এক অনুরাগী জানতে চান ‘কিং’ সম্পর্কে। তিনি লেখেন, “স্যার, ‘কিং’ নিয়ে কিছু খবর দিন। তিন বছর আগে প্রেক্ষাগৃহে আপনার শেষ ছবি দেখেছি। আর কত অপেক্ষা করাবেন? অন্তত একটা ঝলক দেখান।”
জবাবে শাহরুখ আশ্বস্ত করেন ওই ভক্তকে। জানান নির্ধারিত সময় মুক্তি পাবে ছবিটি। বলেন, “এবার ছবিটা দেখবেন। অপেক্ষা করাচ্ছি না আর। ভালো একটা ছবি তৈরি করছি, যাতে মনটা তৃপ্ত হবে। সব কিছুই আসবে ২৪ ডিসেম্বরের আগে।”
_20260915_165630276.jpg)
এ সময় শাহরুখ জানান, ‘কিং’-এর শুটিং খুব মসৃণ ছিল না। একাধিকবার থমকে যেতে হয়েছে। শুটিং চলাকালীন চোটে নীল হতে হয়েছে কয়েকবার। ফলে নেভাতে হয়েছে ক্যামেরা, লাইট। অভিনেতার কথায়, “শুটিংয়ের সময়ে কয়েক বার চোট পেয়েছিলাম। তাই বারবার কাজ থামাতে হয়েছে। এখন সব চোট সেরে গেছে। ছবির কাজও প্রায় শেষ। তাই সব ঠিকঠাক চলছে।”
সেইসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করেন অভিনেতা। জানান ছবিটিতে ভরপুর বিনোদন রয়েছে। দর্শকের মন ভরাতে মারপিট, নাচ-গানে কোনো কার্পণ্য করেননি বলে জানান। বলিউড বাদশার কথায় স্পষ্ট যে, কিং নির্মাণে একফোঁটা ছাড় দেওয়া হয়নি।

২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘কিং’। এ ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে সুহানার। ছবিতে শাহরুখ একজন অভিজ্ঞ খুনির চরিত্রে অভিনয় করেছেন। সুহানাকে দেখা যাবে তার শিষ্যের ভূমিকায়। দেখা যেতে পারে দীপিকা পাডুকোন, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত, অনিল কাপুর এবং অভয় বর্মার মতো নামকরা অভিনেতাদের।
আরআর