Dhaka Mail Logo

বিনোদন

ফিলিস্তিনের পক্ষে কথা বলায় সংগীত সফর থেকে বাদ পড়লেন জনপ্রিয় গায়ক

বিনোদন ডেস্ক

১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ পিএম

গাজায় চলমান সংঘাত ও সহিংসতার সমালোচনা করে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ায় কাল হলো আমেরিকান র‍্যাপার ম্যাকলেমোর। সম্প্রতি নিউ জার্সিতে এক কনসার্টে ফিলিস্তিনিদের সমর্থনে বক্তব্য দেওয়ার জেরে তাকে পপ তারকা এড শেরানের ‘দ্য লুপ’ ট্যুর থেকে বাদ দেওয়া হয়েছে।

ইনস্টাগ্রামে এক দীর্ঘ পোস্টে এ তথ্য জানিয়েছেন গায়ক নিজেই। তিনি জানান, এড শেরান এবং তার টিম যৌথভাবে তাকে সংগীত সফর থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পোস্টে গাজার মর্মান্তিক পরিস্থিতি তুলে ধরে ম্যাকলেমোর বলেন, ‘এর আসল ভুক্তভোগী ফিলিস্তিনের সাধারণ মানুষ— সেই নারী, পুরুষ ও শিশুরা, যারা নিহত, ক্ষুধার্ত, বাস্তুচ্যুত এবং অকল্পনীয় সহিংসতার শিকার হচ্ছে। কেবল গাজাতে ২০ হাজারের বেশি শিশু প্রাণ হারিয়েছে।’

এড শেরানের সাথে নিজের বন্ধুত্বের কথা উল্লেখ করে ম্যাকলেমোর জানান, তিনি শেরানকে নিজের ভাইয়ের মতো মনে করেন। গত সপ্তাহে এ নিয়ে তাদের মধ্যে বেশ কিছু কথাও হয়েছে। তিনি বুঝতে পেরেছেন এড ভীষণ কঠিন পরিস্থিতির মধ্যে ছিলেন। কারণ তার চিরাচরিত রাজনীতি থেকে দূরে থাকার নীতির ওপর এমন চ্যালেঞ্জ কখনও আসেনি। শেরান নিজের নিরপেক্ষ ভাবমূর্তি ভাঙতে পারেননি। ম্যাকলেমোর স্পষ্ট ভাষায় বলেন, ‘ফিলিস্তিনের পক্ষে বলায় যদি আমার কনসার্টের স্টেজ হারাতেও হয়, তবুও আমার আফসোস নেই। কারণ, এই ঘটনার মাধ্যমে সবার মনোযোগ আবার ফিলিস্তিনের দিকে ফিরিয়ে আনা গেছে, এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া।’

ম্যাকলেমোর দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের পক্ষে সোচ্চার। গাজায় ইসরায়েলি হামলা ও পশ্চিম তীর দখলের কড়া সমালোচক। গত ২০২৪ সালে গাজায় ইসরায়েলি সেনার হাতে নিহত ৫ বছরের শিশু হিন্দ রাজাবের স্মরণে এবং ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের সংহতিতে তিনি ‘হিন্ডস হল’ নামের একটি প্রতিবাদী গানও প্রকাশ করেছিলেন।

গত ৪ সেপ্টেম্বর কনসার্টের মাঝে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি দর্শকদের উদ্দেশ্যে বলেছিলেন, তিনি চান গাজা এবং অধিকৃত পশ্চিম তীরের মানুষ যেন জানে যে বিশ্ব তাদের ভুলে যায়নি। তার এই বক্তব্যের পরে ইসরায়েলি আমেরিকান কাউন্সিল তাকে ট্যুর থেকে অপসারণের দাবি জানিয়ে একটি পিটিশন দাখিল করেছিল।

ইএইচ/